শহীদ মুজাহিদের আদর্শ ধারণ করে ন্যায়বিচারভিত্তিক বাংলাদেশ গড়তে হবে: ব্যারিস্টার হামিদ আজাদ

চট্টগ্রাম:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি জেনারেল ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সমাজকল্যাণমন্ত্রী শহীদ আলী আহসান মুহাম্মদ মুজাহিদের শাহাদাতবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৩ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির অডিটোরিয়ামে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল, চট্টগ্রামের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুসলিম কমিউনিটি অ্যাসোসিয়েশন (এমসিএ), ইংল্যান্ডের সেন্ট্রাল প্রেসিডেন্ট ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ব্যারিস্টার হামিদ হোসাইন আজাদ।

প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার হামিদ হোসাইন আজাদ বলেন, “জামায়াতের নেতা আব্দুল কাদের মোল্লাকে তড়িঘড়ি করে হত্যা করা হয়েছে। শহীদ মুজাহিদ ভাইসহ যারা বিচারিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, তাঁদের আদর্শ অনুসরণ করে আমাদের চলতে হবে। আমরা যদি তাঁদের স্মরণ করতে চাই, তবে কেবল স্মরণসভা করলেই হবে না; তৎকালীন এসব রায় পৃথিবীতে লজ্জাজনক রায় হিসেবে পরিচিত হয়েছে। ইনজাস্টিসের মাধ্যমে যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাদের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে দেশে ইনসাফ ও জাস্টিস প্রতিষ্ঠা করতে হবে।”

বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল, চট্টগ্রামের সভাপতি অ্যাডভোকেট আব্দুল মালিকের সভাপতিত্বে এবং সংগঠনের সেক্রেটারি অ্যাডভোকেট শামসুল আলমের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খায়রুল বাশার এবং চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট কফিল উদ্দিন চৌধুরী।

অধ্যক্ষ মাওলানা খায়রুল বাশার বলেন, “বিচারের নামে মিথ্যা অপবাদ দিয়ে আমাদের শীর্ষ নেতাদের হত্যা করা হয়েছে। যারা এই অন্যায় ও অবিচারের সঙ্গে জড়িত, তাদেরও একদিন বিচারের মুখোমুখি হতে হবে।”

অ্যাডভোকেট কফিল উদ্দিন চৌধুরী বলেন, “অতীতে ফ্যাসিস্টরা বিচারের নামে প্রহসন করে জামায়াত-বিএনপির নেতাদের হত্যা করেছে। দীর্ঘ ১৭ বছর ধরে ফ্যাসিস্টরা দেশের মানুষকে নির্যাতন করেছে, নিঃস্ব করেছে। বাংলাদেশের পক্ষে যারা কথা বলেছেন, তাঁদের বেছে বেছে গুম ও খুন করা হয়েছে। তবুও জামায়াতের নেতারা হাসিমুখে ফাঁসির রশি গলায় পরেছেন।”

সভায় বক্তারা শহীদ আলী আহসান মুহাম্মদ মুজাহিদের রাজনৈতিক ও সাংগঠনিক জীবন, তাঁর আদর্শ, আত্মত্যাগ এবং আন্দোলন-সংগ্রামের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তাঁর জীবন ও কর্ম থেকে শিক্ষা নিয়ে ন্যায়বিচার, ইনসাফ এবং আদর্শভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট সৈয়দ আনোয়ার হোসেন, সাবেক সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কবির হোসাইন, চট্টগ্রাম ল’ইয়ার্স কাউন্সিলের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবুল মোজাফফর, সাবেক সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফজলুল বারী, অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার, অ্যাডভোকেট মিনহাজ উদ্দিন, অ্যাডভোকেট ফরিদুল আলম এবং অ্যাডভোকেট হোসাইন মোহাম্মদ আশরাফসহ আইনজীবী নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন ইব্রাহিম মুজাহিদ।

Please follow and like us:

     এই বিভাগের আরো খবর

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!