মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
সীমান্ত সুরক্ষা ও চোরাচালানবিরোধী অভিযানে চলতি বছরের প্রথম ১০ মাসে ২২১ কোটি ৪৫ লাখ ৪৫ হাজার ১১৩ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) উত্তর-পশ্চিম রিজিয়ন, রংপুর। এ সময়ে চোরাচালানের অভিযোগে ৬১৫ জনকে আটক করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, দেশের মোট ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্তের মধ্যে রংপুর রিজিয়নের আওতায় রয়েছে ১ হাজার ৬৬৮ দশমিক ৮৫৪ কিলোমিটার সীমান্ত। এ রিজিয়নের অধীন চারটি সেক্টর ও ১৫টি ব্যাটালিয়নের সদস্যরা ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ৩০ অক্টোবর পর্যন্ত চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করেন।
জব্দ করা উল্লেখযোগ্য পণ্যের মধ্যে রয়েছে ১ দশমিক ৬৫৩ কেজি স্বর্ণ, ১৪টি আগ্নেয়াস্ত্র ও ৪১ রাউন্ড গুলি। মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ৫৪ হাজার ২২০ পিস ইয়াবা, ৩ দশমিক ৯৬৬ কেজি হেরোইন, ১ হাজার ১ দশমিক ৯২ কেজি গাঁজা এবং ২ দশমিক ২৯০ কেজি ক্রিস্টাল মেথ বা আইস। এ ছাড়া বিদেশি ও দেশি মদ, ফেনসিডিল, নেশাজাতীয় সিরাপ, ইনজেকশন ও বিভিন্ন ধরনের ট্যাবলেট জব্দ করা হয়েছে।
এদিকে, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও ভোলাহাট সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত রেখেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।
এরই ধারাবাহিকতায় ২৩ নভেম্বর ২০২৬ রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে ৫৯ বিজিবির উপ-অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল-আসিফের নেতৃত্বে বিজিবি ও পুলিশের একটি যৌথ দল শিবগঞ্জ উপজেলার ধোবড়া গ্রামে অভিযান চালায়। এ সময় আমিনুল ইসলাম নামে এক ব্যক্তিকে ৮৫ গ্রাম হেরোইন ও ১৯টি ককটেলসহ আটক করা হয়। বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, গত এক বছরে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) প্রায় ১৩ কোটি ৮৭ লাখ ২৯ হাজার ৯৫৯ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ করেছে।
মাদক ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ, মানবপাচার এবং জ্বালানি ও ভোজ্যতেলের অবৈধ মজুদ ও কৃত্রিম সংকট রোধেও কাজ করছে রংপুর রিজিয়ন। সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক এবং সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের সম্মিলিত সহযোগিতা কামনা করেছে বিজিবি।