মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি, যশোর:
জন্ম থেকেই দুটি হাত ও একটি পা নেই। অন্যের সহযোগিতা ছাড়া চলাফেরা করাও কঠিন। অথচ শারীরিক সীমাবদ্ধতা কখনোই তাঁর স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। মুখ ও একটি পা দিয়ে লিখে একের পর এক শিক্ষাজীবনের সাফল্য অর্জন করেছেন তিনি। প্রতিকূলতাকে জয় করে মেধা, অধ্যবসায় ও অদম্য ইচ্ছাশক্তিতে এগিয়ে চলেছেন স্বপ্নপূরণের পথে। তিনি যশোরের ঝিকরগাছা উপজেলার অদম্য মেধাবী শিক্ষার্থী তামান্না নূরা।
এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করে দেশজুড়ে পরিচিতি পাওয়া তামান্না বর্তমানে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ইংরেজি বিভাগের ফাইনাল সেমিস্টারের শিক্ষার্থী। জীবনের নানা বাধা পেরিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাজীবন শেষ করার দ্বারপ্রান্তে তিনি। তাঁর এই পথচলা শুধু ব্যক্তিগত সাফল্যের গল্প নয়, বরং প্রতিকূলতার বিরুদ্ধে অদম্য লড়াইয়ের অনুপ্রেরণা।
তামান্নার বাড়ি যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ইউনিয়নের আলীপুর গ্রামে। তাঁর বাবা রওশন আলী স্থানীয় পোদাউলিয়া দাখিল মাদ্রাসার বিএসসি শিক্ষক। মা খাদিজা পারভীন শিল্পী একজন গৃহিণী।
জন্মের পর থেকেই তামান্নার পরিবারকে নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে। শারীরিক প্রতিবন্ধকতার পাশাপাশি সমাজের মানুষের কটূক্তি, বিদ্রূপ ও অবহেলাও সহ্য করতে হয়েছে তাঁদের। বিশেষ করে মেয়ের ভবিষ্যৎ নিয়ে গভীর দুশ্চিন্তায় দিন কাটত মা খাদিজা পারভীন শিল্পীর। পরিবারের অন্যরা যখন ঘুমিয়ে পড়তেন, তখন জায়নামাজে বসে মেয়ের সুন্দর ভবিষ্যতের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতেন তিনি। মায়ের সেই দোয়া, ভালোবাসা ও নিরন্তর সংগ্রামের প্রতিফলন যেন তামান্নার প্রতিটি অর্জনে।
শৈশবে বাবার কাঁধে চড়ে শুরু হয়েছিল তামান্নার বিদ্যালয়জীবন। অন্য শিশুদের মতো বেঞ্চে বসা, হাতে কলম ধরে লেখা কিংবা স্বাভাবিকভাবে পরীক্ষায় অংশ নেওয়া তাঁর পক্ষে সম্ভব ছিল না। মুখ ও একটি পা ব্যবহার করেই লিখতে হয়েছে তাঁকে। প্রয়োজন হয়েছে বিশেষ চেয়ার ও বেঞ্চের। তবুও থেমে থাকেননি তামান্না।
প্রাথমিক শিক্ষার গণ্ডি পেরিয়ে তিনি ভর্তি হন বাঁকড়া হাইস্কুলে। সেখানেও পড়াশোনা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে তাঁকে। তবে শারীরিক সীমাবদ্ধতা কিংবা মানুষের নেতিবাচক মন্তব্য তাঁর মনোবল ভাঙতে পারেনি। পিএসসি, জেএসসি ও এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেন তিনি। পরবর্তী সময়ে বিজ্ঞান বিভাগ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষাতেও জিপিএ-৫ পেয়ে সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখেন।
এরপর ভর্তি হন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষাজীবনেও মেধা, পরিশ্রম ও অধ্যবসায়ের পরিচয় দিয়ে চলেছেন তিনি। বর্তমানে ফাইনাল সেমিস্টারের শিক্ষার্থী তামান্নার সামনে নতুন স্বপ্ন ও সম্ভাবনা।
তবে শিক্ষাজীবনে সাফল্যের পাশাপাশি দৈনন্দিন চলাফেরায় এখনো নানা সমস্যার মুখোমুখি হতে হয় তাঁকে। চলাফেরার জন্য অন্যের সহযোগিতার পাশাপাশি হুইলচেয়ার তাঁর নিত্যসঙ্গী। সাধারণ হুইলচেয়ারে চলাচলে অসুবিধা হওয়ায় প্রয়োজন ছিল বিশেষ সুবিধাসম্পন্ন একটি হুইলচেয়ারের।
তামান্নার প্রয়োজনের কথা বিবেচনায় নিয়ে রোববার (২৩ নভেম্বর) যশোর জেলা প্রশাসনের সহযোগিতায় তাঁর হাতে বিশেষ সুবিধাসম্পন্ন একটি হুইলচেয়ার তুলে দেন যশোর-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এ সময় তাঁকে আর্থিক সহায়তাও প্রদান করেন প্রতিমন্ত্রী।
সংশ্লিষ্টরা আশা করছেন, বিশেষ এই হুইলচেয়ার তামান্নার দৈনন্দিন চলাফেরাকে আরও সহজ করবে এবং তাঁর স্বপ্নপূরণের পথচলায় সহায়ক হবে। একটি হুইলচেয়ার হয়তো জীবনের সব প্রতিবন্ধকতা দূর করতে পারবে না, তবে তা তাঁর চলার পথকে কিছুটা স্বস্তিদায়ক করে তুলবে।
এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খান খোকন, জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাল, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাধারণ সম্পাদক নূর ইসলাম, যশোর সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার হকসহ অনেকে।
তামান্নার জীবনসংগ্রাম মনে করিয়ে দেয়, মানুষের স্বপ্নের উচ্চতা শারীরিক সক্ষমতা দিয়ে নির্ধারিত হয় না। সাহস, আত্মবিশ্বাস, পরিবারের ভালোবাসা ও এগিয়ে যাওয়ার অদম্য প্রত্যয় মানুষকে অনেক দূর এগিয়ে নিতে পারে। একসময় নানা প্রতিকূলতার মুখোমুখি হওয়া তামান্না আজ নিজের অর্জন ও সংগ্রামের মধ্য দিয়ে অনেকের অনুপ্রেরণা হয়ে উঠেছেন।