সম্ভাবনাময় ভবিষ্যতের আশাবাদ জামায়াত আমিরের, ‘পরিপূর্ণ বিজয়’ প্রত্যাশা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর জন্য সম্ভাবনাময় এক ভবিষ্যৎ অপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। একইসঙ্গে তিনি আশা প্রকাশ করেন, আল্লাহ জামায়াতকে পরিপূর্ণ বিজয় দান করবেন।

রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।

পোস্টে তিনি দাবি করেন, নির্বাচনের ফলাফল নিয়ে গণমাধ্যমে খণ্ডিত উপস্থাপন হয়েছে। এ বিষয়ে নেতাকর্মী ও সমর্থকদের হতাশ বা বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান জামায়াত আমির। তার ভাষ্য অনুযায়ী, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোট প্রদত্ত প্রায় ৭ কোটি ভোটের মধ্যে ৩৮ দশমিক ৫০ শতাংশ ভোট পেয়েছে। প্রায় ২ কোটি ৭০ লাখ নাগরিক জোটটির ওপর আস্থা রেখেছেন বলেও উল্লেখ করেন তিনি। এটিকে তিনি “বিশাল ও তাৎপর্যপূর্ণ জনরায়” হিসেবে আখ্যা দেন।

নেতাকর্মীদের উদ্দেশে শফিকুর রহমান বলেন, অতীতের বিভিন্ন রেকর্ড ভেঙে জামায়াত দেশের ইতিহাসে অন্যতম বৃহৎ বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। ২০০৮ সালে মাত্র ২টি আসন থেকে আজ কোটি মানুষের সমর্থন পাওয়া জনআস্থার বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেন তিনি। তার মতে, দেশের প্রায় অর্ধেক ভোটার সংস্কার, জবাবদিহিতা ও নীতিভিত্তিক রাজনীতির পক্ষে অবস্থান নিয়েছেন।

তিনি আরও বলেন, এখন সময় এসেছে শৃঙ্খলা ও রাজনৈতিক পরিপক্বতা প্রদর্শনের। সরকারকে জবাবদিহিতার আওতায় আনতে গঠনমূলক ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। পাশাপাশি পরবর্তী নির্বাচনে আরও ব্যাপক জনসমর্থন অর্জনে সংগঠনকে শক্তিশালী করা, দলীয় ঐক্য সুদৃঢ় করা এবং সুস্পষ্ট লক্ষ্য-উদ্দেশ্য নিয়ে এগিয়ে যাওয়ার কথাও তুলে ধরেন।

সবশেষে জামায়াত আমির বলেন, ত্যাগ ও পরিশ্রমের কারণে সম্ভাবনাময় ভবিষ্যৎ তাদের জন্য অপেক্ষা করছে এবং আল্লাহ তাদের পরিপূর্ণ বিজয় দান করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Please follow and like us:

     এই বিভাগের আরো খবর

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!