প্রধানমন্ত্রীর দেওয়া ঘরে কেমন আছেন সাজেদা, দেখতে গেলেন চট্টগ্রামের জেলা প্রসাশক

 

আব্দুল মুবিন, চট্টগ্রাম :

বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে স্বামীহারা সাজেদা বেগমকে দেওয়া সরকারি ঘরে তিনি সন্তানদের নিয়ে কেমন আছেন, তা দেখতে তাঁর বাড়িতে গেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

 

শুক্রবার (২ অক্টোবর) চট্টগ্রামের বাঁশখালীতে সাজেদা বেগমের বাড়িতে গিয়ে জেলা প্রশাসক ঘরদোর ঘুরে দেখেন এবং তাঁর ও সন্তানদের সঙ্গে কথা বলেন। ঘরটি পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিপাটি দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি। পাশাপাশি পরিবারের বর্তমান অবস্থা, খাদ্য, নিরাপদ পানি ও সন্তানদের পড়াশোনার বিষয়ে খোঁজ নেন।

 

জেলা প্রশাসক বলেন, গত ৯ আগস্ট বাঁশখালী সফরের সময় প্রধানমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্ত সাজেদা বেগমের হাতে নতুন ঘরের চাবি তুলে দিয়েছিলেন। একই সময়ে আরও ১০০টি ক্ষতিগ্রস্ত পরিবারকে ঘর দেওয়া হয়। সাজেদা বেগম সন্তানদের নিয়ে ওই ঘরে কেমন আছেন, তা দেখতেই তিনি সেখানে গেছেন বলে জানান।

 

সাজেদার ঘরের পরিচ্ছন্নতার প্রশংসা করে জেলা প্রশাসক বলেন, পরিবারটির জন্য কিছু খাদ্যসামগ্রীও নিয়ে যাওয়া হয়েছে। এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে সাজেদা বেগমের পরিবারের হাতে দুটি ত্রাণের প্যাকেট তুলে দেওয়া হয়। প্রতিটি প্যাকেটে ছিল ১০ কেজি চাল, ডাল, চিড়া, মুড়ি, সয়াবিন তেল, খাবার স্যালাইন ও বিশুদ্ধ পানি।

 

পরিবারটির জন্য নিরাপদ পানির ব্যবস্থাও করা হয়েছে। জেলা প্রশাসকের নির্দেশনায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সাজেদার বাড়িতে একটি গভীর নলকূপ ও একটি পানির ট্যাংক স্থাপন করেছে। পরিদর্শনের সময় জেলা প্রশাসক এসব ব্যবস্থাও ঘুরে দেখেন।

 

এ সময় জেলা প্রশাসক জানতে পারেন, সাজেদা বেগমের এক মেয়ে এ বছর এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তিনি মেয়েটিকে অভিনন্দন জানান এবং কোথায় ভর্তি হওয়ার পরিকল্পনা করছে, তা জানতে চান। পরিবারের অন্য সন্তানদের পড়াশোনার বিষয়েও খোঁজ নেন।

 

সাজেদা বেগমকে জেলা প্রশাসক বলেন, ‘ছেলেমেয়েদের মানুষ করতে হবে, পড়ালেখা করাতে হবে।’ সন্তানদের শিক্ষা অব্যাহত রাখতে প্রয়োজনীয় সহযোগিতার বিষয়েও পরিবারটিকে আশ্বস্ত করেন তিনি।

 

বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ার পর পুনর্বাসনের অংশ হিসেবে সাজেদা বেগমের পরিবারকে ঘরটি দেওয়া হয়েছিল। শুক্রবারের পরিদর্শনে ঘরের অবস্থা দেখার পাশাপাশি পরিবারটির খাদ্য, নিরাপদ পানি ও সন্তানদের শিক্ষার বিষয়েও খোঁজ নেন জেলা প্রশাসক।

 

পরিদর্শনকালে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please follow and like us:

     এই বিভাগের আরো খবর

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!