মোঃ আনিছ মাল, বিশেষ প্রতিনিধি:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ময়মনসিংহের ভালুকায় ১ হাজার ৪০০ মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হাতেম খানের পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বী ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শারদীয় শুভেচ্ছা উপহার হিসেবে এসব বস্ত্র বিতরণ করা হয়।
শনিবার (১০ অক্টোবর ২০২৬) সকাল ১১টায় ভালুকা বাজারের উপজেলা কেন্দ্রীয় হরিসভা মন্দির প্রাঙ্গণে এ বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আলহাজ্ব হাতেম খানের পক্ষ থেকে মোট ১ হাজার ৪০০ জনের হাতে শাড়ি ও লুঙ্গি তুলে দেওয়া হয়। এ সময় ভালুকা পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে আয়োজিত এ উদ্যোগকে ধর্মীয় সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতার ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়া এবং মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
দুর্গাপূজার আনন্দঘন সময়ে এমন উপহার পেয়ে উপকারভোগীদের মধ্যে উৎসবের আনন্দ ভাগাভাগি করার সুযোগ তৈরি হয়েছে। স্থানীয় পর্যায়ে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখতে এ ধরনের সামাজিক উদ্যোগের গুরুত্ব রয়েছে।