আর্ন্তজাতিক ডেক্স:
মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় লাহজ প্রদেশে ট্রাক ও বাসে বিমান হামলায় ২৬ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। তবে হামলার দায় নিয়ে ইরান সমর্থিত হুতি বিদ্রোহী গোষ্ঠী ও দেশটির সরকারি বাহিনী একে অপরকে দোষারোপ করছে।
সানা থেকে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার লাহজ প্রদেশের একটি সম্মুখসারির এলাকায় এ হামলার ঘটনা ঘটে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে হুতিদের সরকারি বাহিনীর নিয়ন্ত্রিত এডেনের দিকে অগ্রসর হওয়ার প্রেক্ষাপটে সৌদি নেতৃত্বাধীন জোট হুতিদের যানবাহন লক্ষ্য করে বিমান হামলা চালায় বলে স্থানীয় দুই কর্মকর্তা জানিয়েছেন।
তাঁদের একজন জানান, ফ্রন্টলাইন হিসেবে পরিচিত একটি এলাকায় একটি ট্রাক ও একটি বাস যাওয়ার সময় হুতিদের দুটি যানবাহনে বিমান হামলা চালানো হয়। এতে ১২ জন হুতি যোদ্ধা এবং ১৪ জন বেসামরিক নাগরিক নিহত হন। দ্বিতীয় কর্মকর্তাও নিহতের এ সংখ্যা নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীরা ঘটনাস্থলে পুড়ে যাওয়া মরদেহ দেখতে পাওয়ার কথা জানিয়েছেন।
হুতিদের সামরিক মুখপাত্র এ হামলার জন্য সৌদি বিমান বাহিনীকে দায়ী করেছেন। তিনি বলেছেন, এ হামলার জবাব দেওয়া হবে।
অন্যদিকে, সরকারি বাহিনীর দাবি, হামলাটি হুতিরাই চালিয়েছে। সরকার সমর্থিত বাহিনীর মুখপাত্র মাজেদ আল-নাজলি বলেন, ইরান-সমর্থিত গোষ্ঠীটি বেসামরিক যানবাহনকে লক্ষ্যবস্তু করেছে। ওই যানবাহনে কোনো সামরিক সরঞ্জাম ছিল না এবং সড়কটি সাধারণ মানুষের চলাচলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।
এদিকে, সোমবার ইয়েমেনের উপকূলীয় হোদেইদাহ প্রদেশে পৃথক হামলায় ১৭ জন নিহত এবং বেশ কয়েকটি ভবন ধ্বংস হয়েছে বলে জানিয়েছে হুতিদের টেলিযোগাযোগ মন্ত্রণালয়।
এক দশকেরও বেশি সময় ধরে গৃহযুদ্ধে জর্জরিত ইয়েমেন গত জুলাইয়ে হুতি ও সৌদি-সমর্থিত সরকারের মধ্যে অস্ত্রবিরতি ভেঙে যাওয়ার পর বৃহত্তর মার্কিন-ইরান সংঘাতেও জড়িয়ে পড়ে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
জাতিসংঘের সর্বশেষ হিসাব অনুযায়ী, এরপর থেকে আরব উপদ্বীপের দরিদ্রতম দেশটিতে সংঘাতে ১ হাজার ৬০০-এর বেশি মানুষ নিহত এবং ৩ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
ইয়েমেনের বিস্তীর্ণ এলাকা নিয়ন্ত্রণ করে হুতি গোষ্ঠী। লোহিত সাগর উপকূলের সরকারি অবস্থানগুলো দখলের মাধ্যমে গুরুত্বপূর্ণ জলপথটির ওপর নিজেদের নিয়ন্ত্রণ আরও জোরদার করেছে তারা। পাশাপাশি সৌদি তেলবাহী ট্যাংকারসহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালানোর অভিযোগও রয়েছে গোষ্ঠীটির বিরুদ্ধে।
হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় সৌদি আরবের তেল রপ্তানি, পর্যটন, ভ্রমণ ও ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
২০১৫ সালের শুরুর দিকে হুতিরা ইয়েমেনের রাজধানী সানা দখল করে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে এডেনে সরে যেতে বাধ্য করে। এরপর দেশটির গৃহযুদ্ধে হস্তক্ষেপ করে সৌদি নেতৃত্বাধীন জোট।
২০২২ সালে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগে দীর্ঘ এই সংঘাত ইয়েমেনে ভয়াবহ মানবিক বিপর্যয় সৃষ্টি করে। এতে বিপুলসংখ্যক মানুষ প্রাণ হারান এবং লাখ লাখ মানুষ মানবিক সংকটে পড়েন।