রাজাপুরের কবরস্থানে দাফন অভিনেতা সোহেল খান

ধামরাই প্রতিনিধি:

নিজ গ্রামের কবরস্থানে দাফন করা হয়েছে অভিনেতা সোহেল খানকে। মঙ্গলবার (২৪ নভেম্বর) মাগরিবের নামাজের পর ঢাকার ধামরাই উপজেলার রাজাপুর ঈদগাহ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে রাজাপুর কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজা ও দাফনে স্বজন, প্রতিবেশী এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

এর আগে মঙ্গলবার সকালে বগুড়ায় সিনেমার শুটিংয়ে গিয়ে অসুস্থ হয়ে মারা যান সোহেল খান। তার মৃত্যুর খবর গ্রামে পৌঁছানোর পর থেকেই স্বজন ও প্রতিবেশীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। বিকেলে রাজাপুরে তার বাড়িতে গিয়ে দেখা যায়, স্বজনেরা নির্বাক। কেউ কান্নায় ভেঙে পড়ছেন, কেউ আবার প্রিয় মানুষটির স্মৃতি মনে করে নীরবে বসে আছেন।

সোহেল খান ধামরাই উপজেলার রাজাপুর গ্রামের মৃত আতাউর রহমান খানের ছেলে। মঙ্গলবার সকালে অসুস্থ হয়ে পড়লে তাকে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

গ্রামের মানুষের কাছে সোহেল খান ছিলেন শুধু একজন অভিনেতা নন, বিপদে-আপদে পাশে থাকা একজন আপনজন। সামাজিক নানা উদ্যোগে তাকে পাওয়া যেত সবার আগে। ধনী-গরিবের ভেদাভেদ না করে সবার সঙ্গে মিশতেন তিনি। পর্দায় আঞ্চলিক ভাষা, গ্রামীণ মানুষের জীবনযাপন ও সংস্কৃতি তুলে ধরলেও বাস্তব জীবনেও ছিলেন মাটির কাছাকাছি। তার এমন নানা স্মৃতি এখন ঘুরছে রাজাপুর গ্রামের মানুষের মুখে মুখে।

স্বজনদের কাছে সোহেল খানের সবচেয়ে বড় পরিচয় ছিল তার অমায়িক স্বভাব। কারও সঙ্গে দূরত্ব তৈরি করতেন না। ছোট-বড় সবার সঙ্গে সহজেই মিশে যেতেন। ভাগনে মোহাম্মদ নাহিদ হোসেন খানের স্মৃতিতে উঠে এসেছে মামার সেই পরিচয়।

নাহিদ হোসেন খান বলেন, ‘সোহেল মামা আঞ্চলিক ভাষায় কথা বলা, এলাকার রীতিনীতি ও আচার-ব্যবহার অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তুলতেন। তার মধ্যে অহংকার বলতে কিছু ছিল না। ধনী-গরিবের কোনো ভেদাভেদ ছিল না।’

শুধু পারিবারিক বা ব্যক্তিগত সম্পর্কেই নয়, গ্রামের সামষ্টিক জীবনেও ছিল সোহেল খানের সরব উপস্থিতি। স্থানীয় বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কাজে উদ্যোগী ভূমিকা রাখতেন তিনি। রাজাপুরে একটি টেকনিক্যাল কলেজ প্রতিষ্ঠার পেছনেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে জানিয়েছেন স্বজন ও স্থানীয় বাসিন্দা মোহাম্মদ টিপু সুলতান।

টিপু সুলতান বলেন, ‘সম্পর্কে সোহেল খান আমার মামা হন। তিনি গ্রামের সামাজিক সব কাজের সঙ্গে যুক্ত ছিলেন। আমাদের এখানে যে টেকনিক্যাল কলেজ হয়েছে, সেটির পেছনে মূল ভূমিকা ছিল সোহেল মামার। সামাজিক ও গ্রামের উন্নয়নের জন্য যেকোনো কাজেই তিনি উদ্যোগী ছিলেন।’

গ্রামের মানুষের কাছে সামাজিক নানা কর্মকাণ্ডের পরিচিত মুখ হলেও চলচ্চিত্র অঙ্গনেও সোহেল খানের ছিল আলাদা অবস্থান। তার সঙ্গে কাজের অভিজ্ঞতা ও শেষ সময়ের স্মৃতি তুলে ধরেছেন ‘নসীব’ সিনেমার প্রযোজক আরশাদ আদনান। সোহেল খানের মৃত্যুতে চলচ্চিত্র, নাট্যাঙ্গনসহ পুরো সাংস্কৃতিক অঙ্গনের অপূরণীয় ক্ষতি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

আরশাদ আদনান বলেন, ‘আমরা মাটির মানুষ, মাটির কাছেই থাকতে চাই। সোহেল ভাইও মাটির মানুষ ছিলেন। সবাইকেই একদিন মাটিতে মিশে যেতে হবে। যারা ভাইয়ের জানাজায় আসেননি, তারা হয়তো একসময় আফসোস করবেন, কেন শেষবারের মতো সোহেল ভাইকে দেখতে এলেন না। একজন গুণী মানুষকে সম্মান জানাতে না পারাটা ঠিক হয়নি।’

মৃত্যুর আগের দিন রাতেও সোহেল খানের সঙ্গে কথা হয়েছিল আরশাদ আদনানের। তার প্রযোজনায় নির্মিত সিনেমার শুটিংয়ে অংশ নিতে গত চার দিন ধরে বগুড়ায় অবস্থান করছিলেন সোহেল। শেষ রাতের সেই স্মৃতি জানিয়ে আরশাদ আদনান বলেন, ‘সোহেল ভাই আমার প্রযোজনায় কাজ করছিলেন। গত চার দিন ধরে তিনি সেখানেই ছিলেন। গতকাল রাতেও তার সঙ্গে আমার কথা হয়েছে। রাত ১১টার দিকে আমরা শুটিং প্যাকআপ করি। তিনি খাওয়াদাওয়া করে নিজের মতো ছিলেন। তিনি আমাদের সিনিয়র শিল্পী, বড় ভাই ছিলেন। আমরা তাকে অনেক সম্মান করতাম। তাকে অনেক মিস করব। শুধু আমার সিনেমা নয়, আমাদের চলচ্চিত্র ও নাট্যাঙ্গনসহ পুরো সাংস্কৃতিক অঙ্গনের জন্য তার চলে যাওয়া অপূরণীয় ক্ষতি।’

পরিবারের সদস্যদের কাছেও সোহেল খান ছিলেন ভীষণ স্নেহের মানুষ। তার ফুপাতো ভাই আব্দুল আলীম খান সেলিমের সঙ্গে ছিল খুনসুটির সম্পর্ক। বকাঝকা করলেও কখনো রাগ করতেন না সোহেল। বরং আগের মতোই আবদার নিয়ে ফিরে আসতেন। সেই সম্পর্কের স্মৃতি তুলে ধরে সেলিম বলেন, ‘সে আমার অত্যন্ত প্রিয় ছিল। অনেক সময় তাকে বকাঝকা করেছি, কখনো রাগ করেনি। উল্টো বলত, মিয়া ভাই, আমার গালে একটা থাপ্পড় মারেন। তবুও আমি আপনার কাছে আসব, নানা আবদার করব।’

টেলিভিশন নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও কাজ করেছেন সোহেল খান। ২০০৭ সালে ‘নয় নম্বর বিপদ সংকেত’, ‘দারুচিনি দ্বীপ’ ও ‘বউয়ের জ্বালা’ সিনেমার মধ্য দিয়ে বড়পর্দায় তার অভিনয়ের উল্লেখযোগ্য যাত্রা শুরু হয়। এরপর ‘খোঁজ: দ্য সার্চ’ (২০১০), ‘প্রজাপতি’ (২০১১), ‘কমন জেন্ডার’ (২০১২), ‘লাল টিপ’ (২০১২), ‘ইঞ্চি ইঞ্চি প্রেম’ (২০১৩), ‘অনেক সাধের ময়না’ (২০১৪), ‘দেশা: দ্য লিডার’ (২০১৪), ‘পরবাসিনী’ (২০১৭), ‘বীর’ (২০২০), ‘কেমনে কী!’ (২০২১) ও ‘শান’ (২০২২) সিনেমায় অভিনয় করেন।

বিভিন্ন সিনেমায় পার্শ্বচরিত্রের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রেও দেখা গেছে তাকে। ‘প্রজাপতি’ সিনেমায় মাহফুজ, ‘অনেক সাধের ময়না’য় মতি ব্যাপারী, ‘দেশা: দ্য লিডার’ সিনেমায় চেয়ারম্যান এবং ‘শান’ সিনেমায় বাবুল চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।

পর্দায় নানা চরিত্রে গ্রামীণ মানুষের জীবন ও সংস্কৃতি তুলে ধরলেও বাস্তব জীবনে সোহেল খানের সবচেয়ে বড় পরিচয় ছিল তিনি সবার কাছের মানুষ। তার মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গন হারাল একজন অভিনেতাকে, আর রাজাপুরের মানুষ হারাল তাদের প্রিয় একজন আপনজনকে। নিজ গ্রামের কবরস্থানে চিরনিদ্রায় শায়িত এই অভিনেতাকে স্মরণ করছেন স্বজন, প্রতিবেশী ও সহকর্মীরা।

Please follow and like us:

     এই বিভাগের আরো খবর

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!