মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চলতি বছরের প্রথম ১০ মাসে ৮ কোটি ২৩ লাখ ৪৪ হাজার ৪৩১ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সময়ে চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৬ জনকে আটক করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সূত্রে জানা গেছে, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ৩০ অক্টোবর পর্যন্ত এসব অভিযান পরিচালনা করা হয়। ব্যাটালিয়নটির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার দৈর্ঘ্য ৫৪ দশমিক ০৫ কিলোমিটার।
অভিযানে মাদকদ্রব্যের পাশাপাশি অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক ও বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। জব্দ করা অস্ত্র ও বিস্ফোরকের মধ্যে রয়েছে দুটি আগ্নেয়াস্ত্র, তিন রাউন্ড গুলি এবং ১৯টি ককটেল।
মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ১ দশমিক ৯৬০ কেজি হেরোইন, ৫ হাজার ৩৫ বোতল নেশাজাতীয় সিরাপ, ৩ হাজার ৫০ পিস ট্যাপেন্ডাল ট্যাবলেট, ৬৭৭ বোতল বিদেশি মদ, ২৮৯ বোতল ফেনসিডিল ও ১৬১ পিস ইয়াবা।
এ ছাড়া ৩২৬টি গবাদিপশু, ৩৮৫টি মোবাইল ফোন এবং বিপুল পরিমাণ বিড়ি, বিড়ির পাতা ও মসলা জব্দ করা হয়েছে।
বিজিবি জানায়, সীমান্ত দিয়ে মাদক, অস্ত্র, মানবপাচার ও নিত্যপ্রয়োজনীয় পণ্য পাচার রোধে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি ড্রোন, সার্চলাইট ও অস্থায়ী চেকপোস্ট ব্যবহার করে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে স্থানীয় প্রশাসন, গণমাধ্যমকর্মী এবং সীমান্ত এলাকার বাসিন্দাদের সহযোগিতা চেয়েছে ৫৩ বিজিবি।