চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম বহিঃনোঙ্গরে বাংলাদেশ কোস্ট গার্ড, বাংলাদেশ নৌবাহিনী ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের যৌথ অভিযানে ৫০টির বেশি ফিশিং বোট তল্লাশি করে ২৪ জন জেলেকে আটক করা হয়েছে। পরে বন্দর ম্যাজিস্ট্রেট আটক ব্যক্তিদের প্রত্যেককে ৩০ দিন করে কারাদণ্ড দিয়েছেন।
বুধবার (১২ আগস্ট) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি জানান, দেশের সমুদ্রবন্দর, উপকূলীয় ও নদীতীরবর্তী এলাকার নিরাপত্তা নিশ্চিত এবং চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙ্গরে দেশি-বিদেশি বাণিজ্যিক জাহাজ ও লাইটারের নিরাপদ চলাচল নিশ্চিত করতে বুধবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে কোস্ট গার্ডের টহলরত জাহাজ বিসিজিএস সোনাদিয়া, একাধিক উচ্চগতিসম্পন্ন বোট এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের দিশারী-০৭ অংশ নেয়। এ সময় কোস্ট গার্ড ও নৌবাহিনীর আভিযানিক দলের সদস্যদের পাশাপাশি বন্দর ম্যাজিস্ট্রেটও উপস্থিত ছিলেন।
অভিযানকালে চট্টগ্রাম বহিঃনোঙ্গর ও কর্ণফুলী চ্যানেলে বাণিজ্যিক জাহাজ ও লাইটারের নিরাপদ চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে—এমন ফিশিং বোট ও অবৈধভাবে স্থাপন করা বিভিন্ন ধরনের জাল শনাক্ত করা হয়। পরে এসব অবৈধ জাল অপসারণ করা হয়।
কোস্ট গার্ড জানায়, অবৈধভাবে স্থাপন করা এসব জালের কারণে নৌযান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ার পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে। একই সঙ্গে বহিঃনোঙ্গরে অননুমোদিতভাবে অবস্থানরত ফিশিং বোটের কারণে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল ও বন্দরের সার্বিক নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।
অভিযানের সময় বহিঃনোঙ্গরে অবৈধভাবে অবস্থানরত ৫০টির বেশি ফিশিং বোট তল্লাশি করা হয়। এ সময় মোট ২৪ জন জেলেকে আটক করা হয়। পরে বন্দর ম্যাজিস্ট্রেট আটক ব্যক্তিদের প্রত্যেককে ৩০ দিন করে কারাদণ্ড দেন।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও জানান, চট্টগ্রাম বন্দর ও বহিঃনোঙ্গরে দেশি-বিদেশি বাণিজ্যিক জাহাজ এবং লাইটারের নিরাপদ চলাচল নিশ্চিত করা, সামুদ্রিক বাণিজ্য ও নৌপথ সচল রাখা এবং ছিঁচকে চুরি, অবৈধ জাল স্থাপনসহ যেকোনো ধরনের অপতৎপরতা প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ড সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নিয়মিত অভিযান ও নজরদারি অব্যাহত রাখবে।
নৌপথের নিরাপত্তা ও বন্দরকেন্দ্রিক বাণিজ্যিক কার্যক্রম নির্বিঘ্ন রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে বলে জানিয়েছে কোস্ট গার্ড।