ধর্ষণের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান মির্জা ফখরুলের

নিজস্ব প্রতিবেদক:

ধর্ষণ, শিশু নির্যাতন ও হত্যার মতো ভয়াবহ অপরাধের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব অপরাধকে নৈতিক অবক্ষয় ও মানবিক মূল্যবোধের পতনের ভয়াবহ প্রতিফলন হিসেবে উল্লেখ করেন।

ফেসবুক পোস্টে মির্জা ফখরুল বলেন, “ধর্ষণ, শিশু নির্যাতন ও হত্যা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং বহু বছর ধরে চলতে থাকা নৈতিক অবক্ষয়, সামাজিক দায়িত্বহীনতা এবং মানবিক মূল্যবোধের দ্রুত পতনের ভয়াবহ প্রতিফলন।”

তিনি বলেন, “আমরা অঙ্গীকারবদ্ধ, এই অমানবিক অপরাধের বিরুদ্ধে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব এবং ইনশাআল্লাহ একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে কাজ করব, যেখানে আমাদের সন্তানরা ভয়হীনভাবে বেড়ে উঠতে পারবে।”

বিএনপি মহাসচিব আরও উল্লেখ করেন, শুধুমাত্র আইন বা সরকারের উদ্যোগ যথেষ্ট নয়; বরং প্রয়োজন একটি শক্তিশালী জাতীয় সামাজিক আন্দোলন। এ জন্য পরিবার, বিদ্যালয়, মাদ্রাসা, শিক্ষক, ধর্মীয় নেতা, গণমাধ্যম, সামাজিক সংগঠন এবং প্রতিটি নাগরিককে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা মানেই বাংলাদেশের ভবিষ্যৎকে নিরাপদ করা। পাশাপাশি ছেলেমেয়েদের মানবিকতা, দায়িত্ববোধ ও নারীর মর্যাদা সম্পর্কে শিক্ষা দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

পোস্টের শেষাংশে মির্জা ফখরুল দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আসুন, পরিবর্তনের এই সংগ্রামে সবাই একসঙ্গে শামিল হই।”

Please follow and like us:

     এই বিভাগের আরো খবর

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!