দেশ বদলাতে নিজের অবদানও দেখতে হবে: ডিসি জাহিদ

 

মোহাম্মদ আসিফ, চট্টগ্রাম প্রতিনিধি:

দেশ ও সমাজের পরিবর্তন চাইলে অন্যকে দোষারোপ না করে প্রত্যেককে নিজ নিজ ভূমিকা ও অবদান নিয়ে ভাবতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

 

তিনি বলেন, উৎপাদনশীলতা বাড়াতে গবেষণা ও উদ্ভাবনের পাশাপাশি ভোক্তার পরিবর্তিত চাহিদা বুঝে ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিতে হবে। বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে ক্রেতার চাহিদা ও ভবিষ্যৎ বাজার নিয়ে আগাম গবেষণার ওপরও গুরুত্ব দেন তিনি।

 

শুক্রবার (২ অক্টোবর) জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলনকক্ষে জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

জেলা প্রশাসক বলেন, সবাই দেশকে সুন্দর ও উন্নত দেখতে চান। তবে কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য প্রত্যেককে নিজের কাছে প্রশ্ন করতে হবে—দেশকে উন্নত করতে তিনি কী করছেন এবং তাঁর অবদান কী।

 

বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকার প্রসঙ্গে তিনি বলেন, ক্রেতার চাহিদা বুঝতে না পারলে এবং সে অনুযায়ী গবেষণা না থাকলে বাজারে টিকে থাকা কঠিন। সফল প্রতিষ্ঠানগুলো ভবিষ্যৎ ভোক্তার রুচি ও চাহিদা নিয়ে আগাম গবেষণা করে এবং সেই অনুযায়ী পণ্য ও বাজার পরিকল্পনা করে।

 

তরুণ প্রজন্মের পরিবর্তিত রুচি ও চাহিদার বিষয়টি বিবেচনায় নিয়ে ব্যবসায়ীদের ভবিষ্যৎ বাজারের জন্য প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেন তিনি। বর্তমান বিশ্বে দেশ ও বাজারগুলো পরস্পরের সঙ্গে যুক্ত উল্লেখ করে চিন্তাভাবনাকেও বৈশ্বিক প্রতিযোগিতার উপযোগী করার আহ্বান জানান।

 

পরিবর্তনের প্রতি অনীহাকে অগ্রগতির একটি বাধা হিসেবে উল্লেখ করে জাহিদুল ইসলাম মিঞা বলেন, নতুন কিছু করতে গেলে সমালোচনা ও নানা চ্যালেঞ্জ আসবে। সেই ভয়ে প্রচলিত ধারায় আটকে থাকলে কাঙ্ক্ষিত অগ্রগতি সম্ভব নয়। উৎপাদনশীলতা বাড়াতে প্রচলিত চিন্তার বাইরে গিয়ে নতুন ধারণা গ্রহণ ও সৃষ্টিশীলতা বাড়াতে হবে।

 

চট্টগ্রামের ব্যবসা-বাণিজ্যের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে জেলা প্রশাসক বলেন, দেশের অর্থনীতিতে চট্টগ্রামের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই চট্টগ্রামের ব্যবসায়ীদের কাছ থেকেও নতুন ধারণা, উদ্ভাবন ও সৃষ্টিশীল উদ্যোগের প্রত্যাশা রয়েছে।

 

সমাজের বিভিন্ন সমস্যার জন্য শুধু প্রশাসনকে দায়ী না করে নাগরিকদের নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘ডিসি সাহেব এটা করেননি, এসপি এটা করেননি—এভাবে সমাজ পরিবর্তন হবে না।’ সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী ও সাধারণ নাগরিক—সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব নিতে হবে।

 

বাংলাদেশের উর্বর ভূমি ও প্রাকৃতিক সম্ভাবনার যথাযথ ব্যবহারের ওপরও গুরুত্ব দেন জেলা প্রশাসক। ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ, বাসযোগ্য ও উন্নত দেশ রেখে যেতে বর্তমান প্রজন্মকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

 

তিনি বলেন, দেশের কাঙ্ক্ষিত পরিবর্তন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের একার পক্ষে সম্ভব নয়। সবাই নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব পালন করলে দেশ ও সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

Please follow and like us:

     এই বিভাগের আরো খবর

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!