চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন প্রশাসক ডা. শাহাদাত হোসেন
পরিবহন শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন চসিক প্রশাসক ডা. শাহাদাত হোসেন।

যানজট নিরসনে নিবন্ধনহীন যানবাহন নিয়ন্ত্রণ করতে হবে: চসিক প্রশাসক

 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রাম নগরীর যানজট নিরসন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং পরিবহন খাতের বিদ্যমান সমস্যা সমাধানে শ্রমিকদের সহযোগিতা চেয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন। তিনি বলেছেন, নগরীর যানজট কমাতে নিবন্ধনহীন যানবাহনের চলাচল নিয়ন্ত্রণের পাশাপাশি পরিবহন শ্রমিকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সোমবার (২৩ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মিলনায়তনে চট্টগ্রাম হালকা মোটরযান চালক-শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় নগরীর যানজট নিরসন, পে-পার্কিং ব্যবস্থা চালু এবং পরিবহন খাতের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়।

প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেন, পরিবহন শ্রমিকদের বিভিন্ন সমস্যার কথা তাঁরা শুনেছেন। এসব সমস্যা পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। পার্কিংয়ের জন্য নগরীর কোথায় কোথায় জায়গা খালি রয়েছে, তা সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে চিহ্নিত করা হবে। পরিবহন শ্রমিকদের অন্যান্য সমস্যার বিষয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে।

নগরীর পরিচ্ছন্নতা রক্ষায় পরিবহন শ্রমিকদের সহযোগিতা কামনা করে তিনি বলেন, চট্টগ্রাম নগরীতে প্রতিদিন প্রায় ৩ হাজার ২০০ মেট্রিক টন বর্জ্য উৎপন্ন হয়। এর মধ্যে প্রায় ১ হাজার মেট্রিক টন বর্জ্য যথাযথভাবে সংগ্রহ করা সম্ভব হচ্ছে না। এসব বর্জ্যের একটি বড় অংশ নালা-নর্দমা ও খালে গিয়ে পড়ছে। বিশেষ করে পলিথিন, প্লাস্টিকের বোতল ও চিপসের প্যাকেট যত্রতত্র ফেলার কারণে জলাবদ্ধতার সমস্যা আরও প্রকট হচ্ছে।

তিনি বলেন, গাড়ির চালকদের যাত্রীদের সচেতন করতে হবে, যাতে কেউ চলন্ত গাড়ি থেকে বাইরে ময়লা-আবর্জনা না ফেলেন। প্রতিটি গাড়িতে ময়লা রাখার ব্যবস্থা করে নির্দিষ্ট ডাস্টবিনে তা ফেলার অভ্যাস গড়ে তুলতে হবে।

প্রশাসক আরও বলেন, চট্টগ্রামকে পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব ও জলাবদ্ধতামুক্ত নগর হিসেবে গড়ে তুলতে সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। শুধু সিটি কর্পোরেশনের একার পক্ষে এ লক্ষ্য অর্জন সম্ভব নয়। পরিবহন মালিক, শ্রমিক, চালক, যাত্রীসহ নগরীর প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে।

যানজট নিরসনে পরিকল্পিত ট্রাফিক ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করে ডা. শাহাদাত হোসেন বলেন, নগরীর গুরুত্বপূর্ণ প্রায় ২২ থেকে ২৮টি পয়েন্টে আধুনিক এআইভিত্তিক ট্রাফিক ব্যবস্থাপনা চালুর পরিকল্পনা রয়েছে। এটি বাস্তবায়িত হলে যানজট নিরসন, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং পরিবেশদূষণ নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

তিনি বলেন, নগরীর উন্নয়ন ও পরিবহন খাতের সমস্যাগুলো সমাধানে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চায় সিটি কর্পোরেশন। এ ক্ষেত্রে পরিবহন শ্রমিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

চট্টগ্রাম হালকা মোটরযান চালক-শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী মো. আবু ফয়েজের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী শহিদুল ইসলাম এবং সমাজসেবক মো. তোফাজ্জল হোসেন। সভা সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. আমির হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের কার্যকরী সভাপতি মো. কাজল ইসলাম, সিনিয়র সহসভাপতি শামসুল ইসলাম আরজু, যুগ্ম সম্পাদক মো. সাইফুল ইসলাম শাহীন, সহসাধারণ সম্পাদক মো. সোলাইমান সুমন ও মো. হাসান, দপ্তর সম্পাদক মো. মনির হোসেনসহ চট্টগ্রাম মহানগরের বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।

Please follow and like us:

     এই বিভাগের আরো খবর

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!