কক্সবাজার প্রতিনিধি:
জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি থেকে বর্তমান সরকার ও বিএনপি সম্পূর্ণ সরে গেছে বলে মন্তব্য করেছেন মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, এতে জনগণের মধ্যে হতাশা ও নিরাশা তৈরি হয়েছে।
সোমবার (২৩ মার্চ) দুপুর ২টায় কক্সবাজার বিমানবন্দর-এ পৌঁছে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য।
সাংগঠনিক সফরে কক্সবাজারে এসে দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সরকারের কর্মকাণ্ড নিয়ে তীব্র সমালোচনা করেন তিনি।
মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকার ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংবিধানের অজুহাত দেখিয়ে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। অথচ একই সময়ে সিটি করপোরেশন ও জেলা পরিষদে দলীয় লোকদের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়ে সংবিধান লঙ্ঘন করা হয়েছে। সংবিধানে এসব পদে নির্বাচিত জনপ্রতিনিধি থাকার কথা উল্লেখ রয়েছে।
তিনি আরও বলেন, “সহস্রাধিক প্রাণ আর হাজারো মানুষের পঙ্গুত্বের বিনিময়ে আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, সরকার গঠনের পর তার প্রতিফলন দেখা যাচ্ছে না। বিশেষ করে বিএনপি জুলাই সনদ বাস্তবায়নের যে অঙ্গীকার করেছিল, এখন তারা সেখান থেকে সরে এসে ভিন্ন পথে হাঁটছে।”
জামায়াতের এ নেতা অভিযোগ করেন, জুলাই সনদকে চ্যালেঞ্জ না করার প্রতিশ্রুতি থাকলেও পরোক্ষভাবে একটি পক্ষকে দিয়ে আদালতে রিট করিয়ে বিষয়টিকে বিচারাধীন করা হয়েছে। তিনি এটিকে ‘দ্বিচারিতা’ হিসেবে আখ্যায়িত করেন।
তিনি বলেন, “একদিকে জনগণের পক্ষে কথা বলা, অন্যদিকে নেপথ্যে ভিন্ন কৌশল গ্রহণ— এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং জনগণের সঙ্গে প্রতারণার শামিল।”