আন্তর্জাতিক ডেস্ক:
দীর্ঘদিনের রোহিঙ্গা শরণার্থী সংকট সমাধানে উদ্যোগের অংশ হিসেবে মালয়েশিয়া থেকে ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের পরিকল্পনা করছে দেশটি। এ লক্ষ্যে একটি প্রস্তাবে সম্মতি দিয়েছে মালয়েশিয়ার মন্ত্রিসভা।
শুক্রবার (২০ নভেম্বর) মালয়েশিয়ার এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। উপ-প্রধানমন্ত্রী আহমাদ জাহিদ হামিদির বিবৃতির বরাত দিয়ে এ খবর জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি।
বিবৃতিতে আহমাদ জাহিদ হামিদি বলেন, ‘সম্প্রতি তুরস্কে আমার সরকারি সফরের পর মন্ত্রিসভা মালয়েশিয়া থেকে ১০ হাজার রোহিঙ্গা শরণার্থীকে তুরস্কে পুনর্বাসনের একটি প্রস্তাবে সম্মতি দিয়েছে। এ জন্য তাদের দক্ষতা উন্নয়নে একটি সুনির্দিষ্ট প্রশিক্ষণ কর্মসূচি নেওয়া হবে।’
মালয়েশিয়ায় আশ্রয় নেওয়া বিদেশি শরণার্থী ও আশ্রয়প্রার্থীদের বড় একটি অংশ মিয়ানমারের নাগরিক। নতুন এই পরিকল্পনার আওতায় রোহিঙ্গাদের তুরস্কে পুনর্বাসনের পাশাপাশি তাদের দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ দেওয়ার কথা জানানো হয়েছে।
তবে পুনর্বাসন কার্যক্রম শুরুর সময়সীমা, নির্বাচনের প্রক্রিয়া এবং বাস্তবায়নের বিস্তারিত পরিকল্পনা সম্পর্কে বিবৃতিতে সুনির্দিষ্ট তথ্য জানানো হয়নি।