জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত না হলে গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়: মাওলানা মুহাম্মদ শাহজাহান

চট্টগ্রাম, ১৫ আগস্ট — দেশে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজন করতে হলে জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে হবে এবং এর বাস্তবায়ন ও বিচার প্রক্রিয়া জনগণের সামনে দৃশ্যমান করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান।

তিনি বলেন, “জুলাই সনদে জনগণের ভোটাধিকার, গণতন্ত্র পুনরুদ্ধার ও ন্যায়বিচারের যে অঙ্গীকার করা হয়েছে—তা কার্যকরভাবে প্রতিষ্ঠা না হলে নির্বাচনের প্রতি জনগণের আস্থা ফেরানো সম্ভব হবে না।”

শুক্রবার (১৫ আগস্ট) বিকাল ৩টায় নগরীর একটি কনভেনশন সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানার ষান্মাসিক রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুহাম্মদ শাহজাহান আরও বলেন, “নির্বাচনের আগে দৃশ্যমান বিচারের ব্যবস্থা ও লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। জাতি ফ্যাসিস্ট আমলের মত যেনতেন নির্বাচন আর দেখতে চায় না। নির্বাচনকে শুধু আনুষ্ঠানিকতা হিসেবে সীমাবদ্ধ রাখা হলে তা দেশের গণতান্ত্রিক মূলনীতি ক্ষুণ্ণ করবে।” তিনি প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সকল রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।

তিনি আরও উল্লেখ করেন, অতীতের অন্যায় ও রাজনৈতিক নিপীড়নের বিচার দৃশ্যমান হতে হবে এবং জনগণের ভোটাধিকার সুরক্ষিত রাখতে সকল ধরনের রাজনৈতিক ও প্রশাসনিক বাধা দূর করতে হবে। এসব পদক্ষেপ ছাড়া উৎসবমুখর, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন সম্ভব নয়।

সম্মেলনে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমির পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডবলমুরিং থানা আমির ফারুকে আজম এবং সঞ্চালনা করেন থানা সেক্রেটারি সালাহ উদ্দিন। এ সময় আরও উপস্থিত ছিলেন ২৪ নম্বর উত্তর আগ্রাবাদ ওয়ার্ড আমির ও থানা এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ ইমরানুল হক, এসিস্ট্যান্ট সেক্রেটারি সাইফুল ইসলাম আসাদ, থানা কর্মপরিষদ সদস্য মুজিবুর রহমান, আব্দুর রহিম, বেলায়ত হোসাইন, মাওলানা শহীদুল্লাহ, শহীদুল্লাহ ফারুকী, অধ্যাপক জামিলুর রশিদ, মুহাম্মদ ফায়েদ ও মাকসুদুর রহমান প্রমুখ।

Please follow and like us:

     এই বিভাগের আরো খবর

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!