চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে জামায়াত প্রার্থী নূরুল ইসলাম বুলবুলের ‘জনতার ইশতেহার’ ঘোষণা

চাঁপাইনবাবগঞ্জ:


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী নূরুল ইসলাম বুলবুল জনতার প্রত্যাশা ও উন্নয়ন ভাবনাকে সামনে রেখে তার “জনতার ইশতেহার” ঘোষণা করেছেন।

ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে নূরুল ইসলাম বুলবুল বলেন, সুশাসন ও শান্তির মাধ্যমে একটি পরিবর্তনশীল, উন্নত ও আধুনিক চাঁপাইনবাবগঞ্জ গড়ে তোলাই তার মূল লক্ষ্য। তিনি বলেন, “আমি একটি নিরাপদ, বাসযোগ্য ও শান্তিপূর্ণ চাঁপাইনবাবগঞ্জ গড়ার স্বপ্ন দেখি।”

বেকারত্ব প্রসঙ্গে তিনি বলেন, বেকার ভাতা দিয়ে নয়, বরং দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করাই হবে তার প্রধান কৌশল। আধুনিক, সমৃদ্ধ ও শান্তির নীড় হিসেবে চাঁপাইনবাবগঞ্জ গড়ে তুলতে তিনি সর্বোচ্চ ভূমিকা রাখবেন বলেও আশ্বাস দেন।

ঘোষিত ইশতেহারে উল্লেখ করা হয়, চাঁপাইনবাবগঞ্জকে একটি শিক্ষানগরী হিসেবে গড়ে তোলা হবে। জেলা সদরসহ ইউনিয়ন পর্যায়ে গণপরিবহন ব্যবস্থা চালু করা হবে এবং প্রধান সড়কসমূহ সম্প্রসারণ করা হবে। পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে আধুনিক ড্রেনেজ ব্যবস্থা, পানি নিষ্কাশন ও ফুটপাত নির্মাণের পরিকল্পনার কথাও জানান তিনি।

নদীভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণ, চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকার সঙ্গে সরাসরি আন্তঃনগর ট্রেন চালু ও ট্রেন সেবার সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে বলে ঘোষণা দেন জামায়াত প্রার্থী। পাশাপাশি মহানন্দা নদীর পানি বরেন্দ্র অঞ্চলে সরবরাহের মাধ্যমে কৃষিখাতের উন্নয়ন নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।

ইশতেহারে আরও বলা হয়, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করা হবে এবং দিয়ার অঞ্চলকে পৃথক উপজেলা হিসেবে গড়ে তোলা হবে। চাঁপাইনবাবগঞ্জকে শিল্প ও বাণিজ্য নগরী হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন করা হবে বলেও জানান তিনি।

এছাড়াও স্বচ্ছ ও সেবামূলক প্রশাসন, উন্নত চিকিৎসা সেবা, কৃষি ও শ্রমিক কল্যাণ, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সুস্থ বিনোদনের ব্যবস্থার প্রতিশ্রুতি দেওয়া হয়। তরুণদের ক্ষমতায়ন, কর্মসংস্থান সৃষ্টি, প্রযুক্তিনির্ভর উন্নয়ন, ভিশন ২০৪০ বাস্তবায়ন এবং গ্রিন টাউন ও ক্লিন টাউন হিসেবে চাঁপাইনবাবগঞ্জ গড়ে তোলার অঙ্গীকার করেন নূরুল ইসলাম বুলবুল।

জনতার ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সাবেক সংসদ সদস্য অধ্যাপক মো. লতিফুর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি মহাম্মদ ইসাহাকসহ দলীয় নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Please follow and like us:

     এই বিভাগের আরো খবর

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!