চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নে সেনাবাহিনীর বিশেষ অভিযানে একটি দেশীয় বন্দুক উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৩ মার্চ) দিবাগত রাত ২টার দিকে উপজেলার ৭ নম্বর ওয়ার্ডের ইলশা গ্রামে এ অভিযান পরিচালিত হয়।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, বাহারছড়া সেনা ক্যাম্পের লেফটেন্যান্ট সুফিয়ানের নেতৃত্বে একটি টহল দল দক্ষিণ ইলশা সড়ক দিয়ে যাওয়ার সময় ইউসুপ মাঝি বাড়ির পুকুরপাড়ে তিনজনকে সন্দেহজনকভাবে অবস্থান করতে দেখে। সেনাসদস্যদের উপস্থিতি টের পেয়ে তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে টহল দল ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে মৃত মোহাম্মদ জামালের ছেলে জাহাঙ্গীরের বাড়ির পুকুরের পশ্চিম পাশের ঝোপ থেকে একটি থলেতে মোড়ানো দেশীয় বন্দুক উদ্ধার করে।
এ বিষয়ে বাংলাদেশ পুলিশ-এর বাঁশখালী থানা অধীন বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) নাসির উদ্দিন জানান, উদ্ধারকৃত অস্ত্রটি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।