দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় পেট্রোল ও অকটেনের তীব্র সংকট দেখা দিয়েছে। কয়েকদিন ধরে জ্বালানি তেলের সরবরাহ অনিয়মিত থাকায় হঠাৎ তেল আসার খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন পাম্পে ভোর থেকেই দীর্ঘ লাইন দেখা যায়।
সাধনা তেলের পাম্পসহ উপজেলার বিভিন্ন পাম্পে সরেজমিনে গিয়ে দেখা যায়, পেট্রোল ও অকটেন সংগ্রহের জন্য আলাদা লাইনে শত শত মোটরসাইকেল দাঁড়িয়ে আছে। অনেক চালক অভিযোগ করেন, ৪ থেকে ৫ ঘণ্টা অপেক্ষা করেও তেল পাচ্ছেন না তারা।
ভুক্তভোগী মোটরসাইকেল চালকরা জানান, তীব্র সংকটের কারণে দৈনন্দিন কাজকর্মে ব্যাঘাত ঘটছে। কেউ কেউ দীর্ঘ সময় অপেক্ষা করেও খালি হাতে ফিরে যাচ্ছেন।
পাম্প মালিকদের দাবি, গত কয়েকদিন ধরে জ্বালানি তেলের সরবরাহ কমে যাওয়ায় চাহিদার তুলনায় পর্যাপ্ত তেল পাওয়া যাচ্ছে না। ফলে সীমিত পরিমাণে তেল বিক্রি করতে হচ্ছে, যা দীর্ঘ লাইনের অন্যতম কারণ।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘোড়াঘাট উপজেলা প্রশাসন তেলের পাম্পগুলোতে নজরদারি জোরদার করেছে। কোনো পাম্পে তেল মজুত করে কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে কি না, তা পর্যবেক্ষণ করা হচ্ছে।
ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবানা তানজিন জানান, বিষয়টি প্রশাসনের নজরদারিতে রয়েছে। সরবরাহ স্বাভাবিক হলে পরিস্থিতি দ্রুত উন্নতি হবে। এছাড়া কেউ যদি সিন্ডিকেট করে তেল বিক্রির চেষ্টা করে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি সতর্ক করেন।