চট্টগ্রাম ব্যুরো,চট্টগ্রাম:
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বায়েজিদ বোস্তামী থানা পুলিশ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের একজন কর্মীকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, সিএমপির উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. হাসান মোস্তফা স্বপনের সার্বিক দিকনির্দেশনা এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর)-এর তত্ত্বাবধানে বায়েজিদ বোস্তামী থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল করিমের নেতৃত্বে এসআই (নিঃ) বাহার মিয়া ও সঙ্গীয় ফোর্স বৃহস্পতিবার (৯ জুলাই) রাত ১২টা ৫ মিনিটের দিকে থানাধীন চন্দ্রনগর জেড/এ আবাসিক কলাবাগান এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে তদন্তে প্রকাশিত একটি মামলার আসামি মো. রাসেল আহমেদ রাজু (৩৩)-কে গ্রেপ্তার করা হয়। পুলিশ দাবি করেছে, গ্রেপ্তারকৃত ব্যক্তি নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সদস্য এবং তার সহযোগীরা সরকারবিরোধী স্লোগান ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিল। এছাড়া রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ও বিভ্রান্তিকর তথ্য প্রচার এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে প্ররোচনার অভিযোগও পুলিশের পক্ষ থেকে আনা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত রাসেল আহমেদ রাজুকে বায়েজিদ বোস্তামী থানার মামলা নং-১৬, তারিখ ১৯ আগস্ট ২০২৪ (পেনাল কোড ও বিশেষ ক্ষমতা আইন) এবং মামলা নং-০৩, তারিখ ২ মে ২০২৬ (সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯)-এর অধীনে গ্রেপ্তার দেখিয়ে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতের নাম মো. রাসেল আহমেদ রাজু (৩৩)। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার কুটি ইউনিয়নের দক্ষিণখার এলাকায়। বর্তমানে তিনি চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার সমবায় আবাসিক সোসাইটি এলাকায় বসবাস করতেন বলে পুলিশ জানিয়েছে।
তবে এ ঘটনায় গ্রেপ্তারকৃত ব্যক্তি বা তার আইনজীবীর কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।