জামালপুরে ভাসমান সেতু ভেঙে ব্রহ্মপুত্রে ডুবে ৪ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:
জামালপুর জেলার দেওয়ানগঞ্জে ভাসমান সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (২১ মার্চ) বিকেল ৪টার দিকে দেওয়ানগঞ্জ থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো— ডাকাতিয়াপাড়া গ্রামের জয়নাল মিয়ার ১০ বছর বয়সী মেয়ে মায়ামনি, ঝালুরচর এলাকার শের আলীর ৬ বছর বয়সী ছেলে আব্দুল মোতালেব, তার ১২ বছর বয়সী মেয়ে খাদিজা এবং বেলতলি এলাকার হাবিবুল্লাহর ১৪ বছর বয়সী ছেলে আবির হোসেন।

স্থানীয়রা জানান, পবিত্র ঈদকে কেন্দ্র করে ব্রহ্মপুত্র নদের ওপর নির্মিত ভাসমান সেতুতে অতিরিক্ত ভিড় জমে। একপর্যায়ে অতিরিক্ত চাপ সহ্য করতে না পেরে সেতুটি ভেঙে পড়ে। এতে অনেকেই নদীতে পড়ে যান।

পরে অধিকাংশ মানুষ সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও কয়েকজন শিশু নিখোঁজ হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় চার শিশুর মরদেহ উদ্ধার করে।

জামালপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শেখ রবিউল ইসলাম আকন্দ জানান, এখন পর্যন্ত চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ঈদের দিনে এমন মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Please follow and like us:

     এই বিভাগের আরো খবর

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!