নিজস্ব প্রতিবেদক:
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর। এই বাতিঘর থেকে জ্ঞানের আলো সমাজের সর্বস্তরে ছড়িয়ে পড়ে এবং শিক্ষকরা সেই আলোর বাহক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
শনিবার সকালে বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া মাধ্যমিক বিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, শিক্ষকদের জ্ঞান ও অভিজ্ঞতাকে সমাজ উন্নয়নের অন্যতম চালিকাশক্তি হিসেবে গ্রহণ করতে হবে। প্রকৃত শিক্ষা হলো মুক্ত চিন্তার শিক্ষা, যেখানে প্রতিটি শিক্ষার্থী তার যোগ্যতা ও প্রতিভা বিকাশের সুযোগ পায়।
তিনি আরও বলেন, শুধু পাঠ্যপুস্তকভিত্তিক শিক্ষা নয়, সুনাগরিক গড়ে তুলতে শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ, নৈতিকতা ও দেশপ্রেমের শিক্ষাও নিশ্চিত করতে হবে।
শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহী হওয়ার আহ্বান জানিয়ে জহির উদ্দিন স্বপন বলেন, খেলাধুলা শরীরকে সুস্থ রাখার পাশাপাশি মানসিক বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত খেলাধুলা শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলাবোধ, দলগত কাজের মানসিকতা এবং নেতৃত্বের গুণাবলি গড়ে তোলে।
তিনি শিক্ষার্থীদের সুশিক্ষা, নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে সরকারের উন্নয়ন কার্যক্রমের সুফল কাজে লাগিয়ে শিক্ষার মানোন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তথ্যমন্ত্রী বিদ্যালয় প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন।
অনুষ্ঠানে নলচিড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল আলমের সভাপতিত্বে বরিশাল শিক্ষা অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. শহিদুল ইসলাম, গৌরনদী থানার অফিসার ইনচার্জ মো. আফজাল হোসেন, বিদ্যালয়ের সাবেক সভাপতি আব্দুল ছাত্তার মৃধা এবং ম্যানেজিং কমিটির সদস্য আল মামুন স্বপন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।
এ সময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।