মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর মনোহরদী উপজেলার কাচিকাটা ইউনিয়নের খাড়াব এলাকায় ৯ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুটির বাবা মো. লিটন ভূইয়া (৪৫) একই এলাকার ছামেদ ভূইয়া (৫০)-এর বিরুদ্ধে মনোহরদী থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২০ আগস্ট দুপুরে বাড়ির উঠানে খেলাধুলার সময় শিশুটিকে টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে নিজ ঘরে নিয়ে যান অভিযুক্ত ছামেদ ভূইয়া। সেখানে শিশুটিকে যৌন নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ করেছেন শিশুটির বাবা।
অভিযোগে আরও বলা হয়েছে, বিষয়টি কাউকে জানালে শিশুটির ক্ষতি করার হুমকি দেওয়া হয়।
পরে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে গত ২২ আগস্ট দুপুরে সে বিষয়টি তার মাকে জানায়। পরিবারের সদস্যরা তাকে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা শেষে উন্নত চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষার জন্য নরসিংদী সদর হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানোর পরামর্শ দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় শিশুটির বাবা মনোহরদী থানায় লিখিত অভিযোগ দিয়ে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা বলেন, “আমরা লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের ভিত্তিতে আইনগত প্রক্রিয়া চলছে। অতি শিগগিরই অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা করা হবে।”
তবে অভিযোগটি বর্তমানে তদন্তাধীন। তদন্ত শেষে অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়া যাবে। অভিযুক্তের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।