নিজস্ব প্রতিবেদক:
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল সোমবার বরিশাল সফরে যাচ্ছেন। প্রধানমন্ত্রী হিসেবে এটি তার প্রথম বরিশাল সফর। সফরকালে তিনি বৃক্ষরোপণসহ বিভিন্ন উন্নয়ন ও সাংগঠনিক কর্মসূচিতে অংশ নেবেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করে জানান, প্রধানমন্ত্রী সকালে সড়কপথে বরিশালের উদ্দেশে রওনা হবেন। নির্ধারিত কর্মসূচি শেষে সন্ধ্যায় তিনি ঢাকায় ফিরবেন।
সফরের কর্মসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে নতুন খনন করা সরিকল খালের পাশে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। এছাড়া বরিশাল জেলা সদরের ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকায় এবং ত্রিশ গোডাউন সংলগ্ন সাগরদী এলাকায় পৃথক বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।
বিকেলে বরিশাল শিল্পকলা একাডেমিতে বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন এবং স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে সরকারের বিভিন্ন অগ্রাধিকারমূলক কার্যক্রম তুলে ধরাই এ সফরের অন্যতম উদ্দেশ্য।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এই প্রথম বরিশাল সফরে যাচ্ছেন তারেক রহমান। এ সফরকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে।