কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার জেলার নবগঠিত মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১৩ জুন) সন্ধ্যায় মাতামুহুরী এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে এই ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। উদ্বোধন শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সংসদ সদস্য এবং রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এর আগে গত ৭ মে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় কমিটি (এনআইসিএআর)-এর ১২০তম সভায় মাতামুহুরী উপজেলা গঠনের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। চকরিয়া উপজেলার দক্ষিণাঞ্চলের কয়েকটি ইউনিয়ন নিয়ে নতুন এই প্রশাসনিক ইউনিট প্রতিষ্ঠার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
নবগঠিত মাতামুহুরী উপজেলায় মোট সাতটি ইউনিয়ন অন্তর্ভুক্ত হয়েছে। ইউনিয়নগুলো হলো— বদরখালী, পূর্ব বড় ভেওলা, পশ্চিম বড় ভেওলা, সাহারবিল, ভেওলা মানিকচর, ঢেমুশিয়া এবং কেনাখালী।
মাতামুহুরী নদীর তীরবর্তী এ উপজেলার আয়তন ১৪৩ দশমিক ৮ বর্গকিলোমিটার। নতুন উপজেলা ও থানা প্রতিষ্ঠার মাধ্যমে স্থানীয় জনগণের প্রশাসনিক সেবা প্রাপ্তি সহজ হবে এবং এলাকার সার্বিক উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।