স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আইনি প্রক্রিয়ার মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-কে দেশে ফিরিয়ে আনতে চায় সরকার।
আজ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সমসাময়িক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমেই দেশে ফিরিয়ে আনতে চাই। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এবং বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাকে ফিরিয়ে দেওয়ার জন্য আনুষ্ঠানিক অনুরোধ করা হয়েছে, যেন তিনি বাংলাদেশে মামলার মুখোমুখি হন।”
শেখ হাসিনার দেশে ফিরে আসার গুঞ্জন ও আইনি অবস্থান প্রসঙ্গে তিনি আরও বলেন, সরকার আইনানুগ ও প্রাতিষ্ঠানিক পদ্ধতিতেই বিষয়টি মোকাবিলা করছে।
এদিকে ভারতের পশ্চিমবঙ্গে ‘সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট’ (সিএএ) কার্যকর এবং পুশব্যাক ইস্যুতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বক্তব্য নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটি ভারতের অভ্যন্তরীণ বিষয়।
তিনি বলেন, “ভারতের সিএএ বা আসামের এনআরসি তাদের নিজস্ব আইন-কানুন। এ বিষয়ে আমাদের মন্তব্য করার সুযোগ নেই।”
তবে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা জোরপূর্বক প্রবেশ ঠেকাতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্তে উচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।
মন্ত্রী আরও বলেন, সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ন্যায়বিচার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।