বাংলাদেশসহ ১৪টি দেশের জন্য ব্লক ওয়ার্ক ভিসা সাময়িকভাবে স্থগিত করেছে সৌদি আরব। দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম। চলতি বছরের জুন মাস পর্যন্ত এ স্থগিতাদেশ কার্যকর থাকবে।
স্থগিত হওয়া ভিসাগুলোর মধ্যে রয়েছে ব্লক ওয়ার্ক ভিসা ছাড়াও ওমরাহ, ব্যবসায়িক ও পারিবারিক ভিজিট ভিসা। হজ মৌসুমকে সামনে রেখে অভ্যন্তরীণ ভ্রমণ নিয়ন্ত্রণ এবং প্রশাসনিক কার্যক্রম সহজতর করতেই এই সিদ্ধান্ত নিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
বিশ্লেষকরা বলছেন, এই স্থগিতাদেশের ফলে বহু বিদেশি কর্মী ও নিয়োগকর্তা আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন। বিশেষ করে যারা ইতোমধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছিলেন তাদের জন্য এটি একটি বড় ধাক্কা।
ব্লক ওয়ার্ক ভিসা হচ্ছে সৌদি নিয়োগদাতাদের জন্য নির্ধারিত একটি পূর্ব অনুমোদিত কর্মসংস্থান কোটা, যার মাধ্যমে তারা নির্দিষ্ট দেশ থেকে কর্মী নিয়োগের অনুমতি পান। এই কোটা ভিত্তিক নিয়োগ প্রক্রিয়া বন্ধ থাকায় বাংলাদেশি শ্রমবাজারেও এর প্রভাব পড়তে পারে।
সৌদি সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে পরবর্তী নির্দেশনার কথা জানানো হয়নি। তবে জুন মাস শেষে পরিস্থিতি পুনর্মূল্যায়নের সম্ভাবনার কথাও উঠে আসছে বিভিন্ন প্রতিবেদনে।