অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা ব্রিটিশ পার্লামেন্ট সদস্যদের
লন্ডনের ব্রিটিশ পার্লামেন্টের উচ্চকক্ষ হাউস অব লর্ডসে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ, গণতান্ত্রিক প্রক্রিয়া ও আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আন্তর্জাতিক সেমিনার। গত বুধবার (৩ ডিসেম্বর) অনুষ্ঠিত এ গুরুত্বপূর্ণ সেমিনারে বাংলাদেশের আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন ব্রিটিশ পার্লামেন্টের বর্তমান ও সাবেক সদস্যরা।
যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন ‘ভয়েস ফর বাংলাদেশ ইউকে’ আয়োজিত ‘তারেক রহমানের নীতি ও রাজনীতি; সমকালীন বাংলাদেশ’ শীর্ষক এ সেমিনারে অংশ নেন ব্রিটিশ এমপি, হাউস অব লর্ডসের সদস্য, আন্তর্জাতিক মানবাধিকারকর্মী, আইনজীবী, সাংবাদিকসহ বিশ্বের বিভিন্ন দেশের বিশিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাউস অব লর্ডসের লর্ড হোসাইন, আর সঞ্চালনা করেন ভয়েস ফর বাংলাদেশ ইউকে-এর প্রতিষ্ঠাতা ও আইঅন টিভির সিইও আতাউল্যাহ ফারুক।
সেমিনারে বক্তারা বলেন, বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক অগ্রগতির জন্য একটি গ্রহণযোগ্য নির্বাচন অত্যন্ত জরুরি। তারা আশা প্রকাশ করেন, আগামী জাতীয় নির্বাচন অবশ্যই স্বচ্ছ, নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানদণ্ডে অনুষ্ঠিত হবে।
সেমিনারে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনা করেন বক্তারা। তার দীর্ঘ রাজনৈতিক ইতিহাস বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলেও উল্লেখ করেন তারা।
অ্যামেনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়া বিষয়ক সাবেক প্রধান আব্বাস ফয়েজ বলেন,
“বেগম জিয়া অত্যন্ত কঠিন সময় পার করেছেন। আশা করি তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।”
হাউস অব কমন্সের সদস্য লর্ড হোসাইন বলেন,
“আমি নিশ্চিত যে ড. ইউনূস শিগগিরই একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করবেন এবং বাংলাদেশ গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার পাবে। আমরা সেটিই দেখতে চাই।”
আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক আইনজীবী রায়ান উইলিয়াম বলেন,
“সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠা। এগুলো নিশ্চিত হলেই আমরা সমর্থন করব।”
সাবেক ব্রিটিশ এমপি সাইমন ডানজ্যাক বলেন,
“আমরা প্রার্থনা করি বেগম জিয়া সম্পূর্ণ সুস্থ হয়ে উঠুন এবং বাংলাদেশের উন্নয়নে তিনি আবারও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হোন।”