ঈদে সিনেমা উৎসব: প্রেক্ষাগৃহে দর্শকের ঢল, উচ্ছ্বাসে মাতোয়ারা সিনেপ্রেমীরা

 

বিনোদন ডেস্ক:

ঈদ এসেছে খুশির বার্তা নিয়ে, আর সেই আনন্দকে আরও বাড়িয়ে দিতে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে একঝাঁক নতুন সিনেমা। এবারের ঈদে দর্শকদের জন্য বড় পর্দায় এসেছে ‘দম’, ‘বনলতা এক্সপ্রেস’, ‘প্রেশার কুকার’, ‘রাক্ষস’ এবং ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’— যা ঘিরে দেশজুড়ে তৈরি হয়েছে ব্যাপক উন্মাদনা।

ঈদের প্রথম দিন থেকেই সিনেমা হলগুলোতে ছিল দর্শকদের উপচে পড়া ভিড়। রাজধানীসহ বিভিন্ন শহরের প্রেক্ষাগৃহে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে ব্লকবাস্টার সিনেমাস-সহ অন্যান্য হলগুলোতে দেখা গেছে তারকাদের উপস্থিতি, যা দর্শকদের উচ্ছ্বাস আরও বাড়িয়ে তোলে।

এবারের ঈদের অন্যতম আলোচিত সিনেমা প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা। এতে অভিনয় করেছেন শাকিব খান। গ্যাংস্টারধর্মী গল্পে নির্মিত এ সিনেমাটি দর্শকদের মাঝে আলাদা আগ্রহ তৈরি করেছে।

অন্যদিকে, জীবনসংগ্রামের গল্প নিয়ে নির্মিত দম পরিচালনা করেছেন রেদওয়ান রনি। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো, যা দর্শকদের প্রশংসা কুড়াচ্ছে।

নারীকেন্দ্রিক গল্পে নির্মিত প্রেশার কুকার পরিচালনা করেছেন রায়হান রাফী। ভিন্নধর্মী গল্প ও উপস্থাপনায় সিনেমাটি ইতোমধ্যে আলোচনায় এসেছে।

ভালোবাসার গল্প নিয়ে নির্মিত রাক্ষস পরিচালনা করেছেন মেহেদি হাসান হৃদয়। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ।

এছাড়া হুমায়ূন আহমেদ-এর উপন্যাস ‘কিছুক্ষণ’ অবলম্বনে নির্মিত বনলতা এক্সপ্রেস পরিচালনা করেছেন তানিম নূর। একটি ট্রেনযাত্রাকে কেন্দ্র করে নির্মিত এই সিনেমায় অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, সাবিলা নূর, আজমেরী হক বাঁধন এবং জাকিয়া বারী মমসহ আরও অনেকে।

সব মিলিয়ে এবারের ঈদে সিনেমা হলগুলোতে দর্শকের উপস্থিতি ও উচ্ছ্বাস প্রমাণ করেছে— বাংলা সিনেমার প্রতি মানুষের আগ্রহ এখনো অটুট। দর্শকদের এমন সাড়া চলচ্চিত্র শিল্পের জন্য নতুন আশার আলো জাগাচ্ছে।

Please follow and like us:

     এই বিভাগের আরো খবর

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!