মোহাম্মদ আসিফ, চট্টগ্রাম:
চট্টগ্রামের কালুরঘাট রেলসেতুতে বৃহস্পতিবার (৫ জুন) রাতে ভয়াবহ এক রেল দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন এবং আরও কয়েকজন আহত হয়েছেন। রাত পৌনে ১১টার দিকে কক্সবাজার থেকে চট্টগ্রামগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনটি সেতু পার হওয়ার সময় একটি সিএনজি অটোরিকশা, একটি মোটরসাইকেল এবং একটি প্রাইভেট কারকে ধাক্কা দেয়, যার ফলে যানবাহনগুলো দুমড়ে-মুচড়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ব্রিজ থেকে সব যানবাহন না নামতেই ট্রেনটি সেতুতে উঠিয়ে দেওয়া হয়। এ সময় ট্রেনের ধাক্কায় অটোরিকশাসহ একটি প্রাইভেট কার দুমড়ে-মুচড়ে যায়। নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে; তিনি বোয়ালখালীর বাসিন্দা। আহতদের মধ্যে কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালান। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে রেলওয়ে কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।
এই দুর্ঘটনা আবারও কালুরঘাট রেলসেতুর নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছে। স্থানীয়রা দ্রুত সেতুর আধুনিকায়ন ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।