খুলনা প্রতিনিধি:
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, “শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিতব্য আগামী জাতীয় নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচাইতে ভালো নির্বাচন।” তিনি জানান, অন্তর্বর্তীকালীন সরকার একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য সবধরনের প্রস্তুতি নিচ্ছে।
শনিবার বিকেলে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে খুলনার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। তিনি বলেন, “গণঅভ্যুত্থানের মূল উদ্দেশ্য হচ্ছে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, আর সে লক্ষ্যেই বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।”
শফিকুল আলম বলেন, “খুলনার দিকে সরকারের বিশেষ দৃষ্টি রয়েছে। যদিও তাৎক্ষণিক ফলাফল দেখা যাচ্ছে না, আগামী দশক হবে খুলনার উন্নয়নের দশক।” তিনি আরও জানান, “বিগত আওয়ামী লীগ সরকার একটি ভঙ্গুর অর্থনীতি রেখে গেছে, যার নেতিবাচক প্রভাব খুলনার গুরুত্বপূর্ণ খাত—জুট ও চিংড়ি শিল্পে পড়েছে।”
তবে, বর্তমান সরকার খুলনার উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বলে জানান তিনি। এর মধ্যে উল্লেখযোগ্য হলো:
পাবলিক বিশ্ববিদ্যালয় বৃদ্ধি,
জুট মিল সংলগ্ন স্কুলগুলোকে সরকারি করা,
মোংলা বন্দরকেন্দ্রিক ইকোনমিক জোন গঠন,
উপকূলীয় এলাকার জন্য সুপেয় পানির প্রকল্প সম্প্রসারণ,
জলবায়ু বাস্তুচ্যুতদের জন্য পুনর্বাসন প্রকল্প।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, খুলনায় গ্যাস সরবরাহ না থাকলেও শিল্প কারখানার প্রবৃদ্ধি থেমে নেই। বিশেষ করে জুতা ও ব্যাটারি খাতে বড় সম্ভাবনা তৈরি হয়েছে। তাই কেবল গ্যাসনির্ভরতার বদলে দক্ষ শ্রমিকের মাধ্যমে কর্মসংস্থান বাড়াতে সরকার উদ্যোগ নিয়েছে।
তিনি আরও জানান, খুব দ্রুত সময়ের মধ্যেই খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) নতুন ভাইস-চ্যান্সেলর নিয়োগের মাধ্যমে সমস্যার সমাধান হবে।
আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে শফিকুল আলম বলেন, “সরকার ক্রাইমের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। দেশে আইনশৃঙ্খলার উন্নতি হয়েছে।” তিনি আরও বলেন, প্রতিটি মন্ত্রণালয়ে সংস্কারের মাধ্যমে স্বচ্ছতা ও সুশাসন প্রতিষ্ঠা পাচ্ছে।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব মো. আবুল কালাম আজাদ মজুমদার ও সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ।