খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ, কেক কাটার অনুষ্ঠান নয় বিএনপির

 

ঢাকা, ১৫ আগস্ট: বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ শুক্রবার (১৫ আগস্ট)। ১৯৪৫ সালের এ দিনে দিনাজপুরে জন্মগ্রহণ করেন তিনি। পৈতৃক নিবাস ফেনীর ফুলগাজী হলেও শৈশব-কৈশোর কেটেছে দিনাজপুরে বাবার কর্মস্থলে।

দলীয় প্রধানের নির্দেশে কয়েক বছর ধরে জন্মদিনে কেক কাটা বা আনুষ্ঠানিক উৎসব পালন থেকে বিরত রয়েছে বিএনপি। এবারও একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জন্মদিন উপলক্ষে দেশব্যাপী দলীয় কার্যালয় ও মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের কর্মসূচি ঘোষণা করেছে দলটি। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় বেলা ১১টায় কেন্দ্রীয় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় এবং মুক্তিযুদ্ধে, ৯০-এর গণতান্ত্রিক আন্দোলন ও সাম্প্রতিক গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাতের জন্য দোয়া করা হবে।

১৯৬০ সালের আগস্টে তৎকালীন সেনা কর্মকর্তা জিয়াউর রহমানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন খালেদা জিয়া। দম্পতির দুই সন্তান— তারেক রহমান ও আরাফাত রহমান কোকো। ১৯৮১ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নিহত হওয়ার পর বিএনপির রাজনীতিতে আসেন তিনি। ১৯৯১ সালে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং তিন দফায় দেশ পরিচালনা করেছেন।

২০০৭ সালে ওয়ান-ইলেভেনের সময় ও ২০১৮ সালে দুর্নীতির মামলায় কারাবন্দি হন খালেদা জিয়া। ২০২০ সালের মার্চে করোনাভাইরাস পরিস্থিতিতে শর্তসাপেক্ষে মুক্তি পান তিনি। গত বছরের আগস্টে সরকার পরিবর্তনের পর তার সাজা সম্পূর্ণ বাতিল হয়।

দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস ও আর্থ্রাইটিসসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন সাবেক এই প্রধানমন্ত্রী। চলতি বছরের জানুয়ারিতে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান এবং চিকিৎসা শেষে মে মাসে দেশে ফিরে গুলশানের ‘ফিরোজা’য় অবস্থান করছেন।

Please follow and like us:

     এই বিভাগের আরো খবর

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!