ঢাকা
সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, কৃষি সমাজের উন্নয়নে সরকার কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি)-কে একটি মডেল প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চায়। এজন্য সর্বস্তরের কৃষিবিদ ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সমন্বিত অংশগ্রহণের মাধ্যমে প্রতিষ্ঠানের উন্নয়ন ব্যবস্থাপনাকে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
শনিবার রাজধানীর ফার্মগেটে কেআইবি বোর্ড রুমে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের ব্যবস্থাপনা, সংস্কার এবং পরিচালনায় অর্জিত সাফল্য’ শীর্ষক সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, দীর্ঘদিনের অব্যবস্থাপনা, দুর্নীতি ও স্বজনপ্রীতির প্রভাবমুক্ত করে কেআইবিকে একটি দক্ষ ও প্রতিনিধিত্বশীল পেশাজীবী সংগঠন হিসেবে গড়ে তোলার লক্ষ্যে দক্ষ প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। তার দিকনির্দেশনায় প্রতিষ্ঠানটিতে ব্যাপক সংস্কার কার্যক্রম শুরু হয়েছে।
তিনি জানান, গত ৪ জানুয়ারি সকল স্টেকহোল্ডারের অংশগ্রহণে একটি ‘অন্তর্বর্তীকালীন উপদেষ্টা কমিটি’ গঠন করা হয়েছে, যা প্রতিষ্ঠানের কার্যক্রমে নতুন গতি এনেছে। অংশগ্রহণমূলক এ মডেল অব্যাহত থাকলে কেআইবি ভবিষ্যতে কৃষিবিদদের প্রত্যাশা পূরণে সক্ষম হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
শারমীন এস মুরশিদ আরও বলেন, বর্তমান সংস্কার ও পরিচালন কাঠামো ভবিষ্যতে যেকোনো সংকটে রক্ষাকবচ হিসেবে কাজ করবে এবং দেশের অন্যান্য পেশাজীবী সংগঠনের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠবে।
সংবাদ সম্মেলনে কৃষিবিদ ইনস্টিটিউশনের প্রশাসক লে. কর্নেল (অব.) মো. আব্দুর রব খান, সাবেক মহাসচিব কৃষিবিদ আনোয়ারুন নবী মজুমদার বাবলা এবং সমাজসেবা অধিদপ্তরের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।