ঢাকা:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ক্ষমতায় এলে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত বিডিআর-এর নাম পুনর্বহাল করা হবে বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে সেনাবাহিনীর সঙ্গে আলোচনা করে ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডের দিনটিকে ‘শহীদ সেনা দিবস’, ‘সেনা হত্যাযজ্ঞ দিবস’ অথবা ‘জাতীয় শোক দিবস’ হিসেবে ঘোষণা করার কথাও বলেন তিনি।
শনিবার রাজধানীর রেডিসন ব্লু হোটেলে সশস্ত্র বাহিনীর সাবেক সদস্য ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে আয়োজিত ‘স্বাধীনতা ও সার্বভৌমত্বের সুদৃঢ় আস্থা’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে সশস্ত্র বাহিনী বিষয়ক উপকমিটি এই আলোচনা সভার আয়োজন করে।
তারেক রহমান বলেন, ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডের পর মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত বিডিআর-এর নাম পরিবর্তন করা হয়েছে। জনগণের রায়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিডিআর-এর নাম পুনর্বহাল করা হবে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে, সে লক্ষ্যে সেনাবাহিনীর সঙ্গে আলোচনা করে হত্যাকাণ্ডের দিনটিকে জাতীয়ভাবে স্মরণীয় দিবস হিসেবে ঘোষণা করার উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও জানান, সাবেক জ্যেষ্ঠ সেনা কর্মকর্তারা জাতীয় নিরাপত্তা পরিষদ গঠন, সেনা আইনের কিছু বিধিমালা সংস্কারসহ বিভিন্ন সুপারিশ তুলে ধরেছেন। বিএনপি ক্ষমতায় এলে সাবেক ও বর্তমান সেনা সদস্যদের সমন্বয়ে একটি কমিটি গঠন করে এসব সুপারিশ পর্যালোচনা ও বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি ‘ওয়ান র্যাংক ওয়ান পে’ বাস্তবায়নের বিষয়টিও দলের ইশতেহারে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানান তিনি।
সেনাবাহিনীকে বৃহত্তর পরিবার উল্লেখ করে তারেক রহমান বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় একটি শক্তিশালী ও পেশাদার সেনাবাহিনী অপরিহার্য। সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা উচিত নয় এবং বিএনপি ক্ষমতায় গেলে এমন কোনো কাজ করা হবে না যা বাহিনীর সম্মান ক্ষুণ্ন করে।
তিনি বলেন, সেনাবাহিনী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের নির্ভরযোগ্য প্রহরী। বাহিনীকে ভিন্ন কাজে ব্যবহার করলে তাদের মূল দায়িত্ব ব্যাহত হয়। সেনাবাহিনীর সদস্যদের পেশাদারিত্ব বজায় রেখে রাজনৈতিক বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপি চেয়ারম্যানের প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর। এছাড়া উপস্থিত ছিলেন কর্নেল (অব.) হারুনুর রশিদ খান, মেজর (অব.) জামাল হয়দার, বিডিআর-এর সাবেক মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদের সন্তান রাকিন আহমেদসহ সশস্ত্র বাহিনীর সাবেক কর্মকর্তারা।
এসময় মেজর (অব.) মিজানুর রহমান অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের উদ্দেশে আগামী নির্বাচনে জাতীয়তাবাদে বিশ্বাস রেখে বিএনপিকে সমর্থন করার আহ্বান জানান এবং ব্যক্তিগত নির্যাতনের অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি একটি নিরাপদ বাংলাদেশ গড়ার প্রত্যাশা ব্যক্ত করেন।