মোঃ সিরাজুল ইসলাম
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১ টি পিস্তল, বিপুল পরিমান মাদকদ্রব্যসহ তালিকাভূক্ত শীর্ষ মাদক কারবারি আবু হানিফ ও তার সহযোগীকে আটক করেছে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। এসময় মাদক কারবারিদের হামলায় ৮ যুবদল নেতা আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে নেতাকর্মীরা আটক মাদককারবারি আবু হানিফসহ আটক ২ জনকে পুলিশের কাছে হস্তান্তর করে। গতকাল রাত ১২ টারদিকে উপজেলার ঠাকুরবাড়ীর টেক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, রূপগঞ্জকে মাদকমুক্ত করতে নব নির্বাচিত সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু ও পুলিশ সুপারের নির্দেশে নির্বাচনের পর থেকে উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসছে রূপগঞ্জ থানা পুলিশ ও বিএনপির নেতাকর্মীরা।
এরই ধারাবাহিকতায় বুধবার রাত ১২ টারদিকে রূপগঞ্জের ঠাকুরবাড়ীর টেক এলাকায় মাদক কারবারিরা প্রাইভেটকার যোগে মাদক বহন করে নিয়ে যাবার সময় স্থানীয় যুবদল ও ছাত্রদল নেতাকর্মীরা তাদের ধাওয়া করে ১ টি পিস্তল, বিপুল পরিমান ফেন্সিডিল, ইয়াবা, গাঁজা ও হেরোইনসহ শীর্ষ মাদক কারবারি আবু হানিফকে তার এক সহযোগীসহ আটক করে।
এসময় মাদক কারবারিরা বাঁচতে ও এলাকায় আতঙ্ক তৈরী করতে বেশ কয়েকরাউন্ড গুলি বর্ষণ করে এবং নেতাকর্মীদের উপর হামলা চালায়। হামলায় ৮ যুবদল নেতাকর্মী আহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গেলে আটককৃতদের পুলিশের কাছে হস্তান্তর করা হয় এবং জব্দ করা হয় মাদক বহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার। এই ঘটনায় রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য ও অস্ত্র আইনে মামলা আদায় করা হয়েছে। তাদের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।