কবি নজরুলের পাশেই সমাহিত হবেন শহীদ ওসমান হাদি

কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশেই দাফন করা হবে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদিকে। এ সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এক জরুরি অনলাইন সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সাইফুদ্দীন আহমদ বিষয়টি নিশ্চিত করে জানান, শহীদ ওসমান হাদির পরিবার, ডাকসু এবং ক্যাবিনেট সদস্যদের অনুরোধের পরিপ্রেক্ষিতে জরুরি সিন্ডিকেট সভা ডাকা হয়। সভায় নজরুল সমাধি প্রাঙ্গণের খালি থাকা নির্দিষ্ট স্থানে ওসমান হাদির দাফন সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়।

শনিবার (২০ ডিসেম্বর) সকালে কবি নজরুল ইসলামের সমাধির সামনে নির্ধারিত কবরস্থান একনজর দেখার জন্য উৎসুক মানুষের ভিড় লক্ষ্য করা যায়। এ সময় এলাকাজুড়ে শোক ও শ্রদ্ধার আবহ বিরাজ করছিল। তবে সকাল পর্যন্ত কবর খোঁড়ার কাজ শুরু হয়নি।

এ বিষয়ে প্রক্টর ড. সাইফুদ্দীন আহমদ আরও জানান, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব জনবল দিয়ে কবর খোঁড়ার কাজ সম্ভব না হওয়ায় গণপূর্ত অধিদপ্তরের মাধ্যমে কাজটি সম্পন্ন করা হবে। খুব শিগগিরই গণপূর্ত বিভাগের কর্মীরা এসে কবর খোঁড়ার কাজ শুরু করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, শহীদ ওসমান হাদি ছিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং সাম্প্রতিক সময়ে গণআন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে তিনি দেশজুড়ে পরিচিতি লাভ করেন। তার শাহাদাতের খবরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Please follow and like us:

     এই বিভাগের আরো খবর

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!