রমজানের চাঁদ দেখার আহ্বান জানাল সৌদি সুপ্রিম কোর্ট

পবিত্র রমজান মাসের চাঁদ দেখার জন্য দেশটির জনগণের প্রতি আনুষ্ঠানিক আহ্বান জানিয়েছে সৌদি সুপ্রিম কোর্ট।

রোববার (১৫ ফেব্রুয়ারি) এক ঘোষণায় আদালত জানায়, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আকাশে রমজানের চাঁদ অনুসন্ধান করতে সকল মুসলিম নাগরিককে অনুরোধ করা হচ্ছে। চাঁদ দেখা সাপেক্ষেই নির্ধারিত হবে পবিত্র রমজান মাসের প্রথম দিন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল আরাবিয়া নিউজ–এর এক প্রতিবেদনে বলা হয়েছে, চাঁদ দেখার ওপর নির্ভর করে সৌদি আরবে আগামী ১৮ ফেব্রুয়ারি অথবা ১৯ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু হতে পারে।

এক বিবৃতিতে সুপ্রিম কোর্ট জানায়, যারা খালি চোখে অথবা দূরবীক্ষণ যন্ত্রের মাধ্যমে রমজানের চাঁদ দেখতে সক্ষম হবেন, তাদের নিকটস্থ আদালতে উপস্থিত হয়ে সাক্ষ্য দেওয়ার আহ্বান জানানো হয়েছে। চাঁদ দেখার সাক্ষ্য গ্রহণের ভিত্তিতেই আনুষ্ঠানিকভাবে রমজান শুরুর ঘোষণা দেওয়া হবে।

ইসলামি শরিয়াহ অনুযায়ী, হিজরি মাস চাঁদ দেখার মাধ্যমে শুরু হয়। তাই প্রতি বছর শাবান মাসের শেষদিকে সৌদি সুপ্রিম কোর্ট দেশবাসীর প্রতি এ ধরনের আহ্বান জানিয়ে থাকে।

উল্লেখ্য, সৌদি আরবের ঘোষণার ওপর ভিত্তি করে বিশ্বের অনেক দেশেই রমজান শুরুর তারিখ নির্ধারিত হয়। ফলে দেশটির চাঁদ দেখার ঘোষণা মুসলিম বিশ্বে বিশেষ গুরুত্ব বহন করে।

Please follow and like us:

     এই বিভাগের আরো খবর

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!