ফিলিস্তিনি ভূখণ্ডবিষয়ক জাতিসংঘের বিশেষজ্ঞ ফ্রান্সেসকা আলবানিজ-এর ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। আদালতের নির্দেশনার পর বুধবার এ সিদ্ধান্ত নেয় ওয়াশিংটন।
যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক নোটিশে জানানো হয়, আলবানিজের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞার তালিকা থেকে তার নাম সরিয়ে নেওয়া হয়েছে।
ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, এর ফলে বৈশ্বিক আর্থিক লেনদেনে তার ওপর আরোপিত বাধাও উঠে গেছে। নিষেধাজ্ঞার কারণে তিনি বড় ধরনের ক্রেডিট কার্ড ব্যবহার ও ব্যাংকিং লেনদেন করতে পারছিলেন না।
ইতালীয় নাগরিক আলবানিজ বর্তমানে জাতিসংঘ মানবাধিকার পরিষদ-এর অধীন অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডবিষয়ক বিশেষ প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি দীর্ঘদিন ধরে ফিলিস্তিনিদের প্রতি ইসরাইল-এর আচরণের কঠোর সমালোচনা করে আসছেন।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের জেলা জজ রিচার্ড লিওন আলবানিজের বিরুদ্ধে দেওয়া নিষেধাজ্ঞার ওপর প্রাথমিক স্থগিতাদেশ দেন। রায়ে তিনি বলেন, মতপ্রকাশের স্বাধীনতা রক্ষা করা “সবসময়ই” জনস্বার্থের মধ্যে পড়ে।
গত বছরের জুলাইয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আলবানিজের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ঘোষণা করেন। সে সময় তার বিরুদ্ধে প্রকাশ্যে ইহুদিবিদ্বেষ ছড়ানো, সন্ত্রাসবাদের প্রতি সমর্থন এবং যুক্তরাষ্ট্র, ইসরাইল ও পশ্চিমাদের প্রতি অবজ্ঞা প্রদর্শনের অভিযোগ আনা হয়।
ইসরাইলও তার বিরুদ্ধে একই ধরনের অভিযোগ তোলে। তবে আলবানিজ এসব অভিযোগ অস্বীকার করেছেন।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাস-এর হামলার পর গাজায় ইসরাইলের সামরিক অভিযানকে “গণহত্যা” হিসেবে আখ্যা দেওয়ার ক্ষেত্রে সামনের সারিতে ছিলেন আলবানিজ। তার বিভিন্ন মন্তব্য আন্তর্জাতিক মহলে ব্যাপক বিতর্কের জন্ম দেয়।
বিডিপিকে/আ/খ