নিজস্ব প্রতিবেদক:
পবিত্র ঈদুল ফিতরের দিন রাজধানীর সরকারি শিশু পরিবারগুলো পরিদর্শন করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
শনিবার তিনি রাজধানীর মিরপুর শিশু পরিবার (বালক), তেজগাঁও শিশু পরিবার (বালিকা) এবং আজিমপুর ছোটমণি নিবাস পরিদর্শন করেন।
পরিদর্শনকালে মন্ত্রী শিশুদের সার্বিক খোঁজখবর নেন এবং তাদের খাওয়া-দাওয়া, চিকিৎসা সেবা ও বসবাসের পরিবেশ ঘুরে দেখেন। তিনি বিশেষভাবে পরিচ্ছন্নতা ও খাবারের মান পরীক্ষা করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এসময় মন্ত্রী শিশুদের সঙ্গে কিছু সময় কাটিয়ে তাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করেন। শিশুদের সঙ্গে তার আন্তরিক সময় কাটানোয় সেখানে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
পরিদর্শন শেষে তিনি বলেন, সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি উচ্চবিত্ত ও সামর্থ্যবান ব্যক্তিদের প্রতি আহ্বান জানিয়ে বলেন,
“সরকারি ও বেসরকারি উদ্যোগ একসঙ্গে কাজ করলে শিশুদের জন্য বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।”
মন্ত্রী আরও বলেন, এসব শিশুদের মানসম্মত জীবন নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।