মুন্সীগঞ্জ
সম্প্রতি বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকায় “বিএনপি নেতাদের বালু উত্তোলন, ভাঙন হুমকিতে ৪শ কোটি টাকার প্রকল্প” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার মেঘনা নদী থেকে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে সাবেক ও বর্তমান কয়েকজন বিএনপি নেতাকে জড়িয়ে তথ্য প্রকাশ করা হয়।
সংবাদে যাঁদের নাম এসেছে, তাঁদের মধ্যে রয়েছেন মুন্সীগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মজিবুর রহমান, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আমিনুল ইসলাম ওরফে জসিম সহ আরও কয়েকজন বিএনপি নেতা।
এ বিষয়ে তীব্র প্রতিবাদ জানিয়ে মজিবুর রহমান বলেন, “আমি নদী থেকে বালু উত্তোলনের সঙ্গে কোনভাবেই জড়িত নই। আমার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটি মহল অপপ্রচারে লিপ্ত। সংবাদে আমাকে জড়িয়ে যে তথ্য ছাপা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন।”
তিনি জানান, বালু উত্তোলনের দায়িত্ব পূর্বে পেয়েছিল ম্যাক্স নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান, যারা নিয়মবহির্ভূতভাবে কার্যক্রম পরিচালনা করছিল। তখন তিনি এবং অন্যান্য সচেতন ব্যক্তি জেলা প্রশাসনকে লিখিতভাবে অনুরোধ করেন যাতে ওই প্রতিষ্ঠানকে ইজারা না দেওয়া হয়।
মজিবুর রহমান বলেন, “আমরা তখনই বলেছি, বালু উত্তোলনের কার্যক্রম যেন নিয়ম মেনে হয় এবং কোনোভাবে পরিবেশ বা উন্নয়ন প্রকল্প ক্ষতিগ্রস্ত না হয়। বিএনপির কোনো নেতাকর্মী এই বালু উত্তোলনের সঙ্গে যুক্ত নয়।”
তিনি আরও বলেন, “উক্ত সংবাদে আমার নাম জড়িয়ে আমার সম্মানহানি করার অপচেষ্টা করা হয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলোকে বিভ্রান্তিকর তথ্য অপসারণ ও যথাযথ সংশোধন প্রকাশের আহ্বান জানাচ্ছি।”