ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরাম আহমেদ বলেছেন, বাংলাদেশের ছাত্ররাজনীতিকে কলুষিত করছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। স্বৈরাচারের দোসররা এখনও ঘুরে বেড়াচ্ছে এবং তাদের গ্রেফতার বা বিচার করা হচ্ছে না। এ বিষয়ে দায়িত্ব ইউনূস সরকারকে নিতে হবে।
রোববার (১৭ আগস্ট) ভাষানটেক থানার আওতাধীন ৯৫নং ওয়ার্ড ও ক্যান্টেনমেন্ট বোর্ডের বিআরবি মাঠে অনুষ্ঠিত কর্মী সভায় আকরাম আহমেদ এসব কথা বলেন। তিনি আরও বলেন, “নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ দেশের ছাত্ররাজনীতিকে কলুষিত করছে। দ্রুত নির্বাচন আয়োজন করে তাদের বিচার নিশ্চিত করতে হবে।”
আকরাম আহমেদ অতীত আন্দোলনের প্রসঙ্গ তুলে বলেন, “গত বছরের জুলাই-আগস্টে আমরা সবাই একসাথে রাজপথে ছিলাম। কিন্তু এর মধ্যে কিছু ছাত্রভাই নতুন দলের সঙ্গে যুক্ত হয়েছেন, আবার কিছু ছাত্রভাই জামায়াতের সাথে গিয়েছেন। প্রথমে ভাবছিলাম তারা হয়তো রাজনীতির অন্য ধারা বেছে নিয়েছে। কিন্তু পরে দেখা গেল, তারা সেই সুযোগকে কাজে লাগিয়ে আন্দোলনের গণঅবস্থান ব্যবহার করে বিভিন্ন এলাকায় মাফিয়াতন্ত্র কায়েম করেছেন এবং চাঁদাবাজি করছেন।”
তিনি আরও উল্লেখ করেন, “আমরা আমাদের সংগঠনের সঙ্গে রয়েছি, আমাদের আদর্শের রাজনীতিকেই বেছে নিয়েছি। তবে কতিপয় ব্যক্তি নতুন দলে গিয়ে এখন দামি গাড়িতে চড়ছে। নতুন দলের পরিচয় এখন শুধু মাফিয়াতন্ত্র আর চাঁদাবাজি।”