স্টাফ রির্পোটার:
দেশের এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) সংকট মোকাবিলায় নতুন উদ্যোগ নিয়েছে সরকার। সরকার থেকে সরকার (জিটুজি) ভিত্তিতে এলপিজি আমদানির জন্য (বিপিসি)–কে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।
রোববার রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এ তথ্য জানান। তিনি বলেন, জিটুজি ভিত্তিতে এলপিজি আমদানির মাধ্যমে বাজারে সরবরাহ বাড়ানো হবে, যা মূল্য নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা রাখবে। এ লক্ষ্যে বিপিসিকে ইতোমধ্যে মৌখিকভাবে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে এবং শিগগিরই আনুষ্ঠানিক চিঠি পাঠানো হবে।
এর আগে গত ১০ জানুয়ারি বিপিসি মন্ত্রণালয়ের সচিবকে পাঠানো এক চিঠিতে জানায়, দেশে এলপিজির বাজার সম্পূর্ণভাবে বেসরকারি খাতনির্ভর হওয়ায় সংকটকালীন সময়ে সরকারের সরাসরি হস্তক্ষেপের সুযোগ অত্যন্ত সীমিত। সরবরাহ ঘাটতি কিংবা কৃত্রিম সংকট তৈরি হলে তা মোকাবিলায় সরকারের হাতে কার্যকর কোনো নিয়ন্ত্রণব্যবস্থা থাকে না বলেও চিঠিতে উল্লেখ করা হয়।
ওই আবেদনের প্রেক্ষিতেই সরকার বিপিসিকে জিটুজি ভিত্তিতে এলপিজি আমদানির অনুমতি দিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। সরকারের এই উদ্যোগের মাধ্যমে বাজারে সরবরাহ বাড়বে এবং এলপিজির দামে স্থিতিশীলতা আসবে বলে আশা করা হচ্ছে।
জ্বালানি খাত সংশ্লিষ্টরা মনে করছেন, সরকারি পর্যায়ে এলপিজি আমদানির সিদ্ধান্ত বাস্তবায়িত হলে সংকট মোকাবিলার পাশাপাশি বাজারে কৃত্রিম সংকট ও অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে সাধারণ ভোক্তাদের ভোগান্তিও উল্লেখযোগ্যভাবে কমবে বলে প্রত্যাশা করা হচ্ছে।