আন্তর্জাতিক ডেস্ক:
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান বিষয়ক প্রধান আলোচক স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার আরব সাগরে অবস্থানরত ইউএসএস আব্রাহাম লিংকন বিমানবাহী রণতরী পরিদর্শন করেছেন। মার্কিন সামরিক বাহিনীর বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে। একই সময়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে শিগগিরই নতুন দফা আলোচনা শুরু হওয়ার সম্ভাবনার কথাও জানা গেছে।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, দুই শীর্ষ কর্মকর্তা পারমাণবিক শক্তিচালিত এ রণতরী ও এর কার্যক্রম পরিদর্শন করেছেন। স্টিভ উইটকফ নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, “এই বিমানবাহী রণতরী ও এর স্ট্রাইক গ্রুপ আমাদের নিরাপদ রাখছে এবং প্রেসিডেন্ট ট্রাম্পের শান্তির বার্তা সমুন্নত রাখছে।”
অন্যদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আশা প্রকাশ করেছেন যে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শিগগিরই পুনরায় শুরু হবে। তবে তিনি যেকোনো সম্ভাব্য মার্কিন হামলার বিরুদ্ধে সতর্কবার্তাও দিয়েছেন।
গত শুক্রবার ওমানে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে প্রথম দফার আলোচনা অনুষ্ঠিত হয়। ওই বৈঠককে আরাকচি ‘ভালো সূচনা’ বলে অভিহিত করেন। প্রেসিডেন্ট ট্রাম্পও আলোচনাকে ‘খুবই ভালো’ হিসেবে উল্লেখ করেছেন।
ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমনের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে গত জানুয়ারিতে ইউএসএস আব্রাহাম লিংকন মধ্যপ্রাচ্যে মোতায়েন করা হয়। এর আগে গত বছর ইসরাইলের ইরানের ওপর বড় ধরনের বোমা হামলার পর পারমাণবিক আলোচনা ভেঙে যায় এবং পরবর্তীতে ১২ দিনের যুদ্ধের সূত্রপাত হয়। ওই সংঘাতে মার্কিন যুদ্ধবিমান ইরানের কয়েকটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে জানানো হয়।