আন্তর্জাতিক ডেস্ক:
সিরিয়ার দক্ষিণাঞ্চলে ইসরাইলি সেনা হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে সৌদি আরব। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ হামলাকে ‘প্রকাশ্য আগ্রাসন’ হিসেবে আখ্যায়িত করে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ কামনা করেছে।
শনিবার এক বিবৃতিতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইসরাইলের এ হামলা আন্তর্জাতিক আইন ও সিরিয়ার সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন। তারা আন্তর্জাতিক মহলকে এ ধরনের কর্মকাণ্ড বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়।
এর আগে ইসরাইলি সামরিক বাহিনী জানায়, তারা দক্ষিণ সিরিয়ার সুইদা প্রদেশে হামলা চালিয়েছে। তাদের দাবি, দ্রুজ সম্প্রদায়ের ওপর হামলার প্রতিক্রিয়া হিসেবেই এই অভিযান চালানো হয়েছে।
এ ঘটনায় তুরস্কসহ বিভিন্ন আরব দেশও নিন্দা জানিয়েছে। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এ হামলাকে ‘বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধি’ বলে উল্লেখ করে তা বন্ধ করার আহ্বান জানায়।
এছাড়া মিশর, জর্ডান, কাতার ও কুয়েত ইসরাইলি হামলার নিন্দা জানিয়ে সিরিয়ার সার্বভৌমত্ব রক্ষায় আন্তর্জাতিক ভূমিকার ওপর গুরুত্বারোপ করে।
কায়রো থেকে মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়, যাতে ইসরাইলের ‘আন্তর্জাতিক আইন লঙ্ঘন’ বন্ধ করা যায়।
প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলর ইরান আক্রমণের পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে।
মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা Syrian Observatory for Human Rights জানিয়েছে, সুইদা প্রদেশে সংঘর্ষে অন্তত চারজন দ্রুজ যোদ্ধা নিহত হয়েছে এবং পরবর্তীতে ইসরাইলি গোলাবর্ষণে আবাসিক এলাকায় আঘাত হানে।
এদিকে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরাইলের হামলাকে ‘ভূখণ্ডগত অখণ্ডতার বিরুদ্ধে জঘন্য আক্রমণ’ হিসেবে বর্ণনা করে তা প্রত্যাখ্যান করেছে।