রাজশাহী প্রতিনিধি
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহীর বাগমারা উপজেলার ২ নম্বর নরদাশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. ফজলুল হক সরদার স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ৮টায় গোড়সার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় গোড়সা, বাসুদেবপাড়া, হোসেনপুর, জয়পুরসাইধারা, পানিয়া, পূর্বদলতলপুর ও কুমারপুরসহ আশপাশের বিভিন্ন গ্রামের প্রায় এক হাজার মানুষ উপস্থিত ছিলেন।
সভায় চেয়ারম্যান পদপ্রার্থী মো. ফজলুল হক সরদার বলেন, নির্বাচিত হলে নরদাশ ইউনিয়নকে মাদকমুক্ত সমাজ হিসেবে গড়ে তুলতে কাজ করবেন তিনি। পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন, সবার জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, রাস্তাঘাট ও যোগাযোগব্যবস্থার উন্নয়নসহ মৌলিক অবকাঠামো উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন।
এ ছাড়া দরিদ্র ও অসহায় মানুষের পাশে থাকা এবং ইউনিয়ন পরিষদে স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসন প্রতিষ্ঠার প্রতিশ্রুতিও দেন তিনি। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোড়সার উচ্চবিদ্যালয়ের মিজানুর রহমান, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আক্কাস আলী মাস্টার, সদস্য কামাল হোসেন, ২ নম্বর ইউনিয়ন যুবদলের গোলাম মোস্তফা, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি রাজাবাবু এবং গোড়সার বিএম কলেজের অধ্যক্ষ শাহজান আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সভায় বক্তারা আসন্ন নির্বাচনে ২ নম্বর নরদাশ ইউনিয়নের সার্বিক উন্নয়নের লক্ষ্যে মো. ফজলুল হক সরদারকে সমর্থন ও সহযোগিতা করার আহ্বান জানান।