ট্রাম্পের শুল্কনীতির প্রভাব পড়েনি পানামা খালপথে জাহাজ চলাচলে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের ওপর শুল্ক আরোপ করলেও, এখন পর্যন্ত তা পানামা খালপথে কন্টেইনারবাহী জাহাজ চলাচলে কোনো প্রভাব ফেলেনি বলে জানিয়েছেন খাল কর্তৃপক্ষের প্রশাসক।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) পানামা সিটি থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, দীর্ঘদিন ধরে ট্রাম্প যেসব দেশকে ‘অন্যায্য বাণিজ্য চর্চা’র অভিযোগে অভিযুক্ত করে আসছেন, সেই মিত্র ও প্রতিদ্বন্দ্বী দেশগুলোর যুক্তরাষ্ট্রে রপ্তানির ওপর তার বহুল প্রতীক্ষিত ‘পারস্পরিক’ শুল্ক কার্যকর হয়েছে। বিশ্লেষকরা ধারণা করেছিলেন, এর ফলে পানামা খালপথে জাহাজ চলাচল কমে যাবে। উল্লেখযোগ্যভাবে, বিশ্বের মোট নৌবাণিজ্যের প্রায় পাঁচ শতাংশ পণ্য পরিবহন হয় এই খাল দিয়ে।

পানামা খাল প্রশাসক রিকার্তে ভাসকেস এএফপিকে বলেন, “রাজস্ব ও কার্গোর দিক থেকে এই অর্থবছরের ফলাফল আমাদের পূর্বাভাস অনুযায়ী হবে।” খাল কর্তৃপক্ষ চলতি অর্থবছরে ৫ দশমিক ৬ বিলিয়ন ডলারের রেকর্ড রাজস্ব আয়ের পূর্বাভাস দিয়েছে, যা গত বছরের তুলনায় ১২ দশমিক ৭ শতাংশ বেশি। একই সময়ে প্রায় ১৩ হাজার ৯০০ জাহাজ খাল অতিক্রম করবে বলে ধারণা করা হচ্ছে, যারা মোট ৫২০ মিলিয়ন টন পণ্য পরিবহন করবে। চলতি অর্থবছর শেষ হবে আগামী ৩০ সেপ্টেম্বর।

তবে ভাসকেস সতর্ক করে বলেন, সময়ের সাথে সাথে শুল্কনীতির প্রভাবে কার্গো পরিবহনের পরিমাণ কমে যাওয়ার ‘সম্ভাবনা’ রয়েছে।

৮০ কিলোমিটার দীর্ঘ এই কৌশলগত খাল আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে সংযুক্ত করেছে এবং বিশ্বের ১৭০টি দেশের ১ হাজার ৯০০টিরও বেশি বন্দরে সেবা দিয়ে থাকে। বিশেষ করে চীন, জাপান ও দক্ষিণ কোরিয়ার পণ্য যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে পৌঁছাতে খালটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এদিকে চলতি সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্র ও চীন পারস্পরিক বাড়তি শুল্ক আরোপ ৯০ দিনের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।

Please follow and like us:

     এই বিভাগের আরো খবর

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!