মালয়েশিয়া ও ইতালিতে সঠিক ঠিকানা না পাওয়ায় ৫ হাজার ৬০০ প্রবাসী ভোটারের পোস্টাল ব্যালট ফেরত এসেছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (১৯ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।
তিনি বলেন, প্রবাসী ভোটারদের সঠিক ঠিকানা না থাকায় সংশ্লিষ্ট দেশগুলোতে পাঠানো পোস্টাল ব্যালট পেপারগুলো ভোটারদের কাছে পৌঁছায়নি। ফলে সেগুলো ফেরত এসেছে।
এ সময় পোস্টাল ব্যালটের নিরাপত্তা নিয়ে ছড়ানো বিভ্রান্তি নাকচ করে নির্বাচন কমিশনার বলেন, ফেস ডিটেকশন প্রযুক্তি ব্যবহারের কারণে একজন ভোটারের ভোট অন্য কেউ দেওয়ার কোনো সুযোগ নেই।
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টাল ব্যালট নিয়ে যে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, সেগুলোতে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, পুরো প্রক্রিয়া স্বচ্ছ ও নিরাপদ।