ঢাকা-৯ আসনে ডা. তাসনিন জারা পেলেন ‘ফুটবল’ প্রতীক

ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিন জারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ‘ফুটবল’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বুধবার (২১ জানুয়ারি) সকালে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে প্রতীক বরাদ্দ পাওয়ার পর তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেন।

প্রতীক বরাদ্দের প্রতিক্রিয়ায় ডা. তাসনিন জারা বলেন, গত কয়েকদিন ধরে তিনি নির্বাচনি এলাকার বিভিন্ন স্থানে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেছেন। খিলগাঁও, সবুজবাগ, মুগদা ও আশপাশের এলাকায় ঘুরে মানুষের মতামত নিয়েছেন। এ সময় অনেকেই তাকে প্রশ্ন করেছেন—নির্বাচনে তার প্রতীক কী হবে এবং ব্যালট পেপারে কোন চিহ্নে তাকে পাওয়া যাবে।

তিনি বলেন, “প্রায় প্রতিদিনই মানুষ জানতে চেয়েছেন, নির্বাচনের মার্কাটা কী? আজ সেই প্রশ্নের একদম পরিষ্কার উত্তর আমরা পেয়েছি।”

ডা. তাসনিন জারা আরও জানান, তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফুটবল প্রতীকেই প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং আগামীকাল থেকেই আনুষ্ঠানিক নির্বাচনি প্রচারণা শুরু করবেন।

তিনি বলেন, “আমরা যে ধরনের রাজনীতি সামনে দেখতে চাই—স্বচ্ছতা ও জবাবদিহিতার রাজনীতি—সেই লক্ষ্যকে সামনে রেখেই আমাদের ক্যাম্পেইন পরিচালিত হবে।”

এ সময় তিনি ঢাকা-৯ আসনের ভোটারদের কাছে দোয়া ও শুভকামনা কামনা করেন।

Please follow and like us:

     এই বিভাগের আরো খবর

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!