স্টাফ রির্পোটার:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সমন্বয় জোরদারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ‘আইনশৃঙ্খলা সমন্বয় সেল’ গঠন করা হয়েছে। নির্বাচনকালীন সার্বক্ষণিক সেবা নিশ্চিত করতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর একটি বিশেষ টিম এই সেলের সঙ্গে সংযুক্ত থাকবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই বিশেষ টিম নির্বাচনসংক্রান্ত যেকোনো অভিযোগ বা তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত ব্যবস্থা নিতে সরাসরি সংশ্লিষ্ট এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পদক্ষেপ নেবে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
মন্ত্রণালয় সূত্র আরও জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রাজনৈতিক অনুবিভাগ) মো. দেলোয়ার হোসেন ‘আইনশৃঙ্খলা সমন্বয় সেল’-এর প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। সেলের দৈনন্দিন কার্যক্রম তত্ত্বাবধায়নের দায়িত্বে থাকবেন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মু. জসীম উদ্দিন খান ও যুগ্ম সচিব মো. আবদুল্লাহ হাককানী।
এ ছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পুলিশ অনুবিভাগ) মো. আতাউর রহমান খান, এনডিসি সার্বিক সমন্বয়কের দায়িত্ব পালন করবেন।
আইনশৃঙ্খলা সমন্বয় সেলটি তিনটি শিফটে ২৪ ঘণ্টা কার্যক্রম পরিচালনা করবে। প্রথম শিফট সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত, দ্বিতীয় শিফট দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত এবং তৃতীয় শিফট রাত ১০টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত দায়িত্ব পালন করবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নবনির্মিত স্টিল স্ট্রাকচার ভবনের তৃতীয় তলায় কক্ষ নম্বর-২২৬ এ এই ‘আইনশৃঙ্খলা সমন্বয় সেল’ স্থাপন করা হয়েছে। জরুরি যোগাযোগের জন্য সেলে টেলিফোন নম্বর ০২-৪৭১১৮৭০০, ০২-৪৭১১৮৭০১, ০২-৪৭১১৮৭০২ ও ০২-৪৭১১৮৭০৩ এবং মোবাইল নম্বর ০১৫৫০০৬৪২২৬ (হোয়াটসঅ্যাপ) ও ০১৫৫০০৬৪২২৭ সংযোগ দেওয়া হয়েছে।
নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা সেলে দায়িত্ব পালন করবেন বলে জানানো হয়েছে। নির্বাচনকালীন আইনশৃঙ্খলা-সংক্রান্ত যেকোনো অভিযোগ বা তথ্য জানাতে উল্লিখিত নম্বরগুলোতে যোগাযোগের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।