স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে তিন বাহিনীর যৌথ মহড়া পরিদর্শন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্বর্ণদ্বীপে ৮ কিলোমিটার সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

 

নিজস্ব প্রতিবেদক:

নোয়াখালীর স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে গিয়ে নিজেই প্রায় ৮ কিলোমিটার সামরিক যান চালিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৪ নভেম্বর) তিনি বিশেষ ধরনের হালকা সাঁজোয়া যান এটিভি ভিহিকল চালিয়ে এক ভেন্যু থেকে অন্য ভেন্যুতে যান।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী স্বর্ণদ্বীপের প্রথম ভেন্যু ‘বারো আউলিয়া’ খাল থেকে ‘ভিউ পয়েন্ট-১’ পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার পথ সামরিক যান চালিয়ে অতিক্রম করেন। এ সময় তাঁর সঙ্গে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ছিলেন।

উপ-প্রেস সচিব জানান, এক ভেন্যু থেকে অন্য ভেন্যুতে যাওয়ার পথে প্রধানমন্ত্রী দুই পাশে তিন বাহিনীর বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন। ধানক্ষেতের পাশ দিয়ে কাদামাটির আঁকাবাঁকা পথ ধরে ধীরে ধীরে সামরিক যানটি চালিয়ে যেতে দেখা যায় তাঁকে।

এর আগে সকাল সাড়ে ১১টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার ঢাকা থেকে নোয়াখালীর স্বর্ণদ্বীপে অবতরণ করে। সেখানে তাঁকে অভ্যর্থনা জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মেজবাহ উল আজীম, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং প্রতিরক্ষা সচিব আশরাফ উদ্দিন।

স্বর্ণদ্বীপে পৌঁছে প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে প্রথমবারের মতো আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করেন।

এ সময় তিনি দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনী পরিদর্শন করেন এবং অনুশীলনস্থলে তিন বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

বিশেষ এ মহড়ায় সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নেয়।

১৯৭৮ সালে নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরে মেঘনা নদীর মোহনায় জেগে ওঠে স্বর্ণদ্বীপ, যা আগে জাহাজ্জার চর নামে পরিচিত ছিল। নোয়াখালীর মূল ভূখণ্ড থেকে প্রায় ১০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত দ্বীপটি উত্তর-দক্ষিণে প্রায় ২৮ কিলোমিটার এবং পূর্ব-পশ্চিমে ১৪ কিলোমিটার বিস্তৃত।

একসময় দ্বীপটি জলদস্যু ও ডাকাতদের বিচরণক্ষেত্র হিসেবে পরিচিত ছিল। ২০১৩ সালের ১৪ মার্চ সেনাসদরের নির্দেশনায় ৩৩ পদাতিক ডিভিশনের পরিচালিত অভিযানের মাধ্যমে দ্বীপটিতে নিরাপত্তা নিশ্চিত করা হয়। অভিযানে ১০১ পদাতিক ব্রিগেডের অধীন ১০ ই বেঙ্গল, ৫৬ ই বেঙ্গল ও ৬ বীর অংশ নেয়। এ সময় অস্ত্র, গোলাবারুদ ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। একই দিন থেকে সেখানে সেনা মোতায়েন করা হয়।

পরবর্তী সময়ে ২০১৩ সালের ১৫ আগস্ট প্রাথমিকভাবে এবং ১৪ নভেম্বর ভূমি মন্ত্রণালয়ের গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে দ্বীপটি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয় বলে সংশ্লিষ্ট তথ্যে উল্লেখ রয়েছে।

এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত প্রায় আট মাস দ্বীপটি জলমগ্ন ও কর্দমাক্ত থাকে। ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত পানির স্তর নেমে গেলে যান চলাচল ও অন্যান্য কার্যক্রমের জন্য উপযোগী হয়ে ওঠে। বর্তমানে স্বর্ণদ্বীপকে সেনাবাহিনীর প্রশিক্ষণ এলাকা হিসেবে গড়ে তোলার কার্যক্রম চলছে।

এ ছাড়া স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে গবাদিপশু পালন, দুগ্ধ খামার স্থাপন, বনায়ন, উন্নত পদ্ধতিতে শস্য উৎপাদন, মৎস্য চাষ ও সৌরবিদ্যুৎ উৎপাদনসহ বিভিন্ন আর্থসামাজিক উন্নয়ন এবং পরিবেশ সুরক্ষামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। স্বর্ণদ্বীপে বাংলাদেশ সেনাবাহিনী ও বিসিসিটির যৌথ উদ্যোগে তিনটি সাইক্লোন শেল্টারও নির্মাণ করা হয়েছে।

Please follow and like us:

     এই বিভাগের আরো খবর

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!